রাজধানীর খিলগাঁও থানা এলাকায় স্কুলছাত্রী উম্মে কুলসুমের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে রফিকুল ইসলাম (২২) নামের আরেক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে খিলগাঁও এলাকা থেকে আটক করা হয়।
এর আগে এ ঘটনায় শেখ মো. নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদ নামের আরেক যুবককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল পুলিশ। বর্তমানে ওই যুবক কারাগারে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে নেওয়াজ উত্ত্যক্তকারী হিসেবে কয়েকজনের মধ্যে রফিকের নাম বলেছিলেন। এ ছাড়া একজন সাক্ষী এ ঘটনায় আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তাতেও রফিকের নাম আছে। আমরা তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করব।’
কুলসুমের স্কুলের শিক্ষক আল আমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মূল হোতাদের মধ্যে অন্যতম হচ্ছেন রফিক। তিনি মামলার আসামি শিমুলের ঘনিষ্ঠ বন্ধু।
উম্মে কুলসুম রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। ৬ সেপ্টেম্বর সে কীটনাশক পান করে আত্মহত্যা করে। পরিবার ও তার স্কুলের শিক্ষকদের অভিযোগ, এলাকার বখাটে শিমুল চন্দ্র মণ্ডলসহ কয়েকজনের উৎপাত সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় শিমুল ও তাঁর পরিবারের আরও চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন কুলসুমের মা সাথী আক্তার। শিমুল ও তাঁর পরিবারের লোকজন ঘটনার পর থেকে পলাতক।