বান্দরবান সদর উপজেলার ক্যামলং এলাকায় দুই শিশুসহ রোহিঙ্গা পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার পটিয়া থেকে আবদুল মোনাফ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মোনাফের ভাই ও হত্যার মূল পরিকল্পনাকারী নূর বাহারকেও পটিয়া থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশের দাবি, স্বামী মোহাম্মদ আমিনের নির্যাতন থেকে বোন নূর নাহারকে রক্ষার জন্য পাঁচ ভাইবোন মিলে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের মধ্যে বড় বোন নূর বাহার হত্যার মূল পরিকল্পনাকারী বলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, হত্যাকাণ্ডের সময় নূর বাহার ঘটনাস্থলে যাননি। কিন্তু কীভাবে হত্যাকাণ্ড ঘটাবে তিন ভাই আবদুস শুক্কুর, নূর আমিন, আবদুল মোনাফ মুঠোফোনে সে নির্দেশনা দেন তিনি।
গত ২৮ মে রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার নির্জন বাগানে দুই শিশুসহ নূর নাহারের স্বামী মোহাম্মদ আমিন ও তাঁর বোনসহ চারজনকে নৃশংসভাবে খুন করা হয়।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, দোহাজারির রোহিঙ্গা কলোনি থেকে গোপন সূত্রে খবর পেয়ে নূর বাহার ও মোনাফকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনের স্ত্রী নূর নাহার ও আরও দুই ভাই পলাতক রয়েছে।
গ্রেপ্তার নূর বাহার ও আবদুল মোনাফ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে, ছোট বোন নূর নাহারকে তার স্বামী মোহাম্মদ আমিন নির্যাতন করত। তাকে কুপিয়ে হত্যারও চেষ্টা করেছে। নির্যাতন থেকে রক্ষার জন্য হত্যার পরিকল্পনা করে নূর নাহারকে ক্যমলং পাঠানো হয়েছে। শুধু মোহাম্মদ আমিনকে হত্যার পরিকল্পনা করলেও ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই বাড়িতে থাকা আমিনের আগের স্ত্রীর ছেলে জুনায়েদ (১২), বোন বেগম বাহার ও তার (বোনের) চার বছরের ছেলে ইলিয়াসকেও হত্যা করা হয়।