আরও একটি মামলায় ফটো সাংবাদিক শফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
ডিজিটাল নিরাপত্তা আইনের আরও একটি মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ২০ অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন শফিকুল ইসলামের আইনজীবী জায়েদুর রহমান।
মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট প্রতিবেদন তৈরির অভিযোগে গত বছরের ১০ মার্চ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শেখর। পরের দিন হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শফিকুলের বিরুদ্ধে আরও পৃথক দুটি মামলা হয়। এই দুটি মামলাতেও শফিকুলের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন সাইবার ট্রাইব্যুনাল।
উল্লেখ্য গত বছরের ১০ মার্চ রাজধানীর বকশীবাজার এলাকা থেকে নিখোঁজ হন ফটো সাংবাদিক শফিকুল। এরপর ৩ মে বেনাপোলে তাঁর খোঁজ মেলে। গত বছরের ২৫ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি ।