আরও চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে বাবা-ছেলেকে গুলি করে ও কুপিয়ে হত্যা এবং এক নারীকে গণধর্ষণের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আবদুল হান্নান বলেন, গ্রেপ্তার করা চারজনের মধ্যে তিনজন নারী। তবে তাদের নাম বলতে চাননি তিনি।
এ নিয়ে বাবা-ছেলে হত্যাকাণ্ডে জড়তি থাকার অভিযোগে মোট পাচঁজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইউনিয়নের থলিপাড়ায় বাবা-ছেলেকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হামলায় আহত হন দুই নারী। এ ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬৪ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় গত শুক্রবার রাতে মামলা করে নিহত দুজনের পরিবার।
এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে বলা হয়, হত্যার শিকার ব্যক্তি ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পরস্পর আত্মীয়। দুই বছর আগেও দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া জমি নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। হত্যার ঘটনায় অভিযুক্ত কালীবন্ধু ত্রিপুরা ও তাঁর ছেলে গত বছর অস্ত্রসহ গ্রেপ্তার হন। এ ঘটনার পর দুই পরিবারের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।
সাংসদ বিবৃতিতে বলেন, একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে রাজনৈতিকভাবে রং মাখিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি বলেন, মূলত এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার কারণে হত্যাকাণ্ড ঘটেছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং নিরীহ লোকজন যাতে হয়রানির শিকার না হয়, সে জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।