আরও চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় গতকাল বুধবার আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরি দল সকাল থেকে বেলা আড়াইটার মধ্যে নদীর বিভিন্ন স্থান থেকে এসব লাশ উদ্ধার করে। এ ছাড়া আরেকজনকে জীবিত পাওয়া গেছে।
গত মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি খেয়ানৌকা ডুবে যায়। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওই নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ হন। মঙ্গলবার একজনের লাশ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ডুবুরি দলের নেতা ও রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক বলেন, নিখোঁজ ছয়জনের মধ্যে চারজনের মরদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা লালপুরের চকবাদকয়া গ্রামের লালচান মণ্ডলের ছেলে জামাল উদ্দিনের (৩০) লাশ দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর বালুঘাট এলাকায় নদীতে পাতা একটি মাছধরা জালের ভেতর থেকে উদ্ধার করা হয়। একই উপজেলার মহরকয়া গ্রামের মসলেম আলীর ছেলে আরজেদ আলীর (৪৩) লাশ দুপুর ১২টা ৪৫ মিনিটে, চকবাদকয়া গ্রামের চাঁন্দের আলী (৫৪) ও মহরকয়া গ্রামের তালুকদার আলীর ছেলে ভাসান আলীর (২৮) লাশ বেলা দুইটার কিছু পর বাকনাই এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বেলাল হোসেন (৪৫) নামের অপর এক নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা পাঁচ। অপর একজন নিখোঁজ যাত্রীকে মঙ্গলবার রাতে বিলমাড়িয়া চর থেকে জীবিত উদ্ধার করা হয়। তিনি মহরকয়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে জামরুল ইসলাম (৩০)।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া লালপুর ও রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় থানার পুলিশ গতকাল বিকেল চারটায় অভিযান সমাপ্ত করে। এদিকে নিহত পাঁচজনের লাশ গতকাল এলাকায় নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে। সওই পাঁচজন অন্যদের সঙ্গে নিয়ে গত মঙ্গলবার সকালে পদ্মার ওপারে পলাশীর চরে কৃষিকাজে ও মাছ ধরতে যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী ওঠার কারণে নৌকাটি মাঝপথে ডুবে যায়।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, নিহত ব্যক্তিদের দাফনের জন্য প্রতিটি পরিবারকে দুই হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।