
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হামলায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় ৯১ জনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে হামলায় জড়িতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে ও তাদের গ্রেপ্তার করা গেলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে গত শনিবার বিকেল থেকে উপজেলায় মাইকিং শুরু করেছে পুলিশ। এ-সংক্রান্ত তথ্য দিতে ০১৭১-৩৩৭৩৭২৪, ০১৭১-৩৩৭৩৭২৫, ০১৭১-৩৩৭৩৭২৭ ও ০১৭১-৩৩৭৩৭৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ছায়েদুল হকের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ: নাসিরনগরের ঘটনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবিতে শাহবাগে ফের বিক্ষোভ হয়েছে। গতকাল দুপুরে শাহবাগ চত্বর অবরোধ করে একদল বিক্ষোভকারী এ দাবি করেন। সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবি করেন তাঁরা।
একই সময় নাসিরনগরের শহীদ মিনার প্রাঙ্গণে ছায়েদুল হকের পক্ষে সর্বস্তরের জনতার ব্যানারে অনুষ্ঠিত এক সমাবেশে কয়েক হাজার লোক অংশ নেন। তবে হামলার ঘটনায় বহুল আলোচিত ব্যক্তি হরিপুর ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান এ সমাবেশে উপস্থিত ছিলেন না।
প্রতিনিধিদলের পরিদর্শন: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে দলটির ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল নাসিরনগরে ক্ষতিগ্রস্ত মন্দির-বাড়িঘর পরিদর্শন করেছে। দুপুরে পরিদর্শন শেষে আবদুর রব সাংবাদিকদের বলেন, সাত দিনের মধ্যে ঘটনার নেপথ্য নায়কদের গ্রেপ্তার না করলে গণ-আদালতে তাঁদের বিচার করা হবে। হামলার ঘটনায় সত্যিকারের আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
যুগান্তরের বিরুদ্ধে মামলা: নাসিরনগরের ঘটনায় ১২ নভেম্বর যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পত্রিকাটির বিরুদ্ধে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন একজন আইনজীবী।