তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের অন্তত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি দেশে এই চালানবিষয়ক কর্মকাণ্ডের তথ্য মিলেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাজধানী থেকে তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। একই ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফার গতকাল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
গতকাল রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মোস্তফা কামাল, আতিকুর রহমান খান এবং এ কে আজাদ। মোস্তফা কামাল ও আতিকুর রহমান পণ্য খালাসের জন্য খান জাহান আলী লিমিটেড ও কসকো শিপিংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। এঁদের মধ্যে মোস্তফা কামাল যুক্তরাজ্যপ্রবাসী বকুল মিয়ায় আত্মীয়। এই বকুল মিয়াকেই কোকেন পাচার ঘটনার প্রধান হোতা বলা হচ্ছে। মোস্তফা কামালকে চালানটি খালাসের দায়িত্ব দিয়েছিলেন বকুল মিয়া। আর মোস্তফা নিজে আমদানি-রপ্তানির বিষয়গুলো না বোঝায় তিনি আতিকুরকে পণ্য খালাসের জন্য নিয়োগ করেছিলেন। আতিকুর ‘মণ্ডল গ্রুপ’ নামে একটি বাণিজ্যিক সংস্থার আমদানি-রপ্তানি শাখায় কাজ করেন।
মোস্তফা কামাল বেসরকারি সংস্থার (এনজিও) উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, এখন আবাসন ব্যবসা করেন বলে জানা গেছে। আর আটক এ কে আজাদ পণ্য পরিবহনকারী কসকো শিপিং লাইনসের ব্যবস্থাপক। তিনি কোকেনের চালানটি পুনরায় রপ্তানি করার চেষ্টা করেছিলেন বলে তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
গতকাল রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনা তদন্তে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিই গতকাল সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোস্তফা কামাল, আতিকুর রহমান খান এবং এ কে আজাদকে আটক করে। কামাল ও আতিকুর চালানটি খালাসের জন্য প্রথমে চেষ্টা করেছিলেন। খালাসে ব্যর্থ হয়ে চালানটি ভারতের কলকাতা বন্দরে অথবা উরুগুয়ের যে বন্দর থেকে চালানটি পাঠানো হয়েছিল, সেই বন্দরে পাঠানোর জন্য শিপিং লাইনসের সঙ্গে যোগাযোগ করেছিলেন আতিকুর। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন এ কে আজাদ। আর আতিকুর ও মোস্তফা কামালের সঙ্গে ভারতে রাজু নামের এক ব্যক্তির যোগাযোগের তথ্য মিলেছে। পণ্য খালাস করতে ৮ জুন বাংলাদেশে আসার কথা ছিল রাজুর। কিন্তু তার আগেই চালানটি জব্দ করা হয়। এই রাজুর সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত বকুলের ব্যবসা রয়েছে।
মহাপরিচালক মইনুল খান বলেন, এখন পর্যন্ত পাঁচটি দেশে এই চালান নিয়ে কর্মকাণ্ড পাওয়া গেছে। ১০৮টি ব্যারেল ভর্তি সূর্যমুখী তেল ও কোকেনের উৎপাদনকারী দেশ বলিভিয়া। এরপর সেগুলো উরুগুয়েতে নিয়ে সেখানকার একটি বন্দর থেকে কনটেইনারে ভরে জাহাজে তোলা হয় ব্যারেলগুলো। এরপর জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার নামানো হয়। এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত লন্ডনে থাকা বকুল মিয়া ও ফজলুর রহমান নামে দুজনকে শনাক্ত করা হয়েছে। যাঁরা বাংলাদেশে চালানটি ছাড়ানোর ব্যাপারে মূল ভূমিকা পালন করেছেন। এর বাইরে ভারতের রাজু নামে এক ব্যক্তির পরিচয় জানা গেছে, যিনিও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এর বাইরে বাংলাদেশে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
রিমান্ডে একজন: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফাকে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে এ তথ্য জানান।
সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন শনাক্ত হওয়ার পর গত শনিবার আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে। এরপর সোমবার গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন