আরও তিনজনকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে (১৪) নির্যাতন করার সময় মশকরায় মেতে উঠেছিল নির্যাতনকারীরা। ভিডিও চিত্রের শেষ দিকে একজনকে ‘গোয়েন্দা পুলিশ (ডিবি)’ সাজিয়ে সামিউলকে চিনিয়ে দেওয়া হয়েছিল। সামিউল তখন পুলিশের জিম্মায় যেতে আকুতি জানালে হাসি-ঠাট্টায় মেতে ওঠে নির্যাতনকারীরা। ওই ‘পুলিশসহ’ তিনজনকে খুঁজছে পুলিশ।
গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে ‘চোর’ সন্দেহে আটক করে দোকানঘরের খুঁটিতে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই সেই ভিডিও চিত্র ধারণ করে।
সামিউলকে নির্যাতন করার ভিডিও চিত্রের শেষ দিকে ‘গোয়েন্দা পুলিশ’ বলে একজনকে সামিউলের কাছে পরিচয় করিয়ে দেয় নির্যাতনকারীরা। ‘এইনরে (ওনাকে) পুলিশেও ডরায়’ বলে ভয় দেখানোও হয়েছিল। সামিউল তখন ‘গোয়েন্দা পুলিশ’ সাজা ওই ব্যক্তির জিম্মায় যেতে আকুতি প্রকাশ করেছিল। তা শুনে নির্যাতনকারীরা অট্টহাসিতে মেতে ওঠে। ভিডিওতে এ দৃশ্যটি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শিশু সামিউলকে পুলিশে দেওয়ার বিষয়টি নিয়ে নির্যাতনকারীরা যখন রসিকতা করছিল, তখন আরও অন্তত দুজনের উপস্থিতি ছিল। এদের একজন শামীম আহমদ বলে পুলিশের ধারণা। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, শামীম ঘটনার মূল হোতা মুহিত আলম কামরুল ইসলামের ভাই। ঘটনার পর থেকে শামীম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানতে চাইলে মামলার তদন্ত সমন্বয়কের দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ বিষয়টি তদন্তাধীন বলে কোনো মন্তব্য করতে রাজি হননি। সার্বিক বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘তদন্তে জড়িত ও প্রত্যক্ষদর্শী প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যেসব নাম আসবে বা আসছে, সবাইকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।’ রহমত উল্লাহ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা হচ্ছে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা। আমরা সবকিছুই দ্রুত করছি। তবে এ ব্যাপারে কোনো সময় নির্ধারণ করা সম্ভব না হলেও বলা যায়, অতি দ্রুতই তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।’
উদ্বেগ: শিশু সামিউল হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন। সংস্থার বাংলাদেশীয় কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রা বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং এর স্থায়ী সমাধানের উপায় নিয়ে আলোচনার জন্য গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কয়েকটি পদক্ষেপের সুপারিশ করে ম্যাকগ্রা একটি স্মারকলিপি দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিজ্ঞপ্তি।