আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলে সুমি খাতুন ওরফে শিমু নামের তরুণীকে হত্যার পর লাশ টুকরো করার ঘটনায় মো. সুজন ও মো. সুমন ওরফে তোতলা সুমন নামের দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার তাদের চার দিনের করে রিমান্ডে নিয়েছে ডিবি।
গতকাল ওই দুজনকে আদালতে পাঠানোর আগে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গত রোববার রাতে গোপীবাগ থেকে সুজন ও সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমি হত্যার ঘটনায় কিছুদিন আগে ডিবি আরও চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো সাইদুল ইসলাম, হানিফ, রাতুল আহাম্মেদ ও নূরুন্নবী শাওন। তারা হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারাগারে।
ওই হত্যার ঘটনায় সন্দেহভাজন মোবারক উল্লাহ ওরফে মন্টি শনিবার গভীর রাতে টিটিপাড়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। শনিবার সকালে র্যাব জাহাঙ্গীর হোসেন সোহেল ওরফে বাংলা সোহেল নামের একজনকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে।
১০ মার্চ ফকিরাপুলে ওয়াসা কার্যালয়ের পেছনে গরম পানি গলি এলাকায় বিভিন্ন স্থান থেকে সুমির লাশের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ। ১১ মার্চ পরিবারের লোকজন লাশ শনাক্ত করে। এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা মামলা হয়। ডিবি মামলাটি তদন্ত করছে।
সংবাদ ব্রিফিংয়ে মনিরুল বলেন, আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি থেকে জানা যায়, ফকিরাপুলে দীর্ঘদিন ধরে সাইদুলের নেতৃত্বে কয়েকজন মাদক ব্যবসা করছিল। তারা মোবারকের (‘বন্দুকযুদ্ধে’ নিহত) বাড়ির চিলেকোঠায় মাদক সেবন করত। হত্যার শিকার সুমি তাদের পূর্বপরিচিত। সুমির স্বামী নাসির উদ্দিনও মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন আগে সাইদুল ও মোবারককে ইয়াবাসহ পুলিশে ধরিয়ে দিয়েছিলেন সুমি। ঘটনার চার-পাঁচ দিন আগে সুমির স্বামী নাসিরও পুলিশের কাছে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালতে তার এক বছরের সাজা হয়।
মনিরুল ইসলাম বলে, স্বামীকে ধরিয়ে দেওয়ার জন্য সুমি সাইদুল, মোবারকদের দায়ী করেন। ৯ মার্চ সন্ধ্যা সাতটার দিকে মোবারকের বাড়ির চিলেকোঠায় মাদক সেবন করছিল সাইদুলরা। ওই বাড়ির নিচে সুমিকে হাঁটাহাঁটি করতে দেখে তাদের সন্দেহ হয়, সুমি তাদের ধরিয়ে দেবেন। তাদের কয়েকজন নিচে নেমে সুমিকে ধরে ওপরে নিয়ে যায়। সেখানে রাত আড়াইটার দিকে তাঁকে হত্যা করে লাশ টুকরো টুকরো করা হয়। সাইদুল ও মোবারকসহ মোট আটজন এ হত্যাকাণ্ডে অংশ নেয়। বাকি ছয়জন হলো গ্রেপ্তার হওয়া সুজন, সুমন, হানিফ, রাতুল, নূরুন্নবী ও বাংলা সোহেল।
জাহাঙ্গীর ওরফে বাংলা সোহেলই হত্যায় অংশ নেওয়া বাংলা সোহেল কি না—জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তা যাচাই করা হচ্ছে।
ডিবির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীরকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছিল। সে বর্তমানে কারাগারে।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর ওই তরুণী হত্যায় জড়িত বলে স্বীকার করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।