আরও দুজনকে তুলে নেয় অনেক আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের অভিযানে গত বৃহস্পতিবার চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ইফতিশাম আহমেদ সাত মাস ধরে নিখোঁজ ছিলেন। গত ২৯ এপ্রিল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাজশাহী নগরের মোন্নাফের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন তাঁর বাবা শেখ ইফতেখার আহমেদ রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চট্টগ্রামে গ্রেপ্তার আরেকজন নাজিমউদ্দিনের (৪২) বাড়ি যশোরের মনিরামপুরে। তাঁর স্ত্রী নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ২৫ মে নাজিমউদ্দিনকে ঢাকা থেকে সাদা পোশাকের একদল লোক তুলে নিয়েছিল। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়েছিল। ওই ঘটনায় থানায় জিডি আছে।

এ নিয়ে গ্রেপ্তার হওয়া তিন যুবকের পরিবার দাবি করল তাদের সন্তানদের আগেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার নুরে আলমের মা নুরনাহার বেগম সাংবাদিকদের বলেন, নীলফামারী শহরের উকিলের মোড় এলাকার বাড়ি থেকে গত ১১ এপ্রিল রাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে একদল লোক তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তখন নীলফামারী সদর থানায় জিডি করা হয়েছিল।

র‍্যাব বলছে, গত বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের এ কে খান মোড় ও উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, বোমা ও বিস্ফোরকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফরিদপুরের মাওলানা মো. তাজুল ইসলাম (২৭), যশোরের মো. নাজিমউদ্দিন (৩৮), ঝিনাইদহের আবুজার গিফারী (২২), নীলফামারীর নুরে আলম ইসলাম (২২) ও রংপুরের শেখ ইফতিশাম আহমেদ (২৩)। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) সদস্য।

তিন পরিবারের অভিযোগ ও সংশ্লিষ্ট থানায় জিডির বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানা নেই। পেপারে দেখেছি।’

গ্রেপ্তার ইফতিশামের বাড়ি রংপুর শহরের ধাপ ইঞ্জিনিয়ারপাড়ায়। তাঁর বাবা ব্যবসায়ী শেখ ইফতেখার আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ২৯ এপ্রিল দিবাগত রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ইফতিশামকে রাজশাহীর নিলাভা ছাত্রাবাস থেকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে তিনি রাজশাহী যান। কোথাও ছেলের সন্ধান না পেয়ে ওই দিনই রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি করেন। সাত মাসেও পুলিশ ছেলের সন্ধান দিতে পারেনি। গত বৃহস্পতিবার তিনি টেলিভিশনের খবরে ছেলের গ্রেপ্তার হওয়ার কথা জানতে পারেন।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জিডির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এদিকে র‍্যাব হুজির সদস্য বলে দাবি করলেও যশোর পুলিশের তালিকায় নাজিমউদ্দিন হিযবুত তাহ্‌রীরের সদস্য। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার গতকাল প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে আটক নাজিম যশোর পুলিশের তালিকাভুক্ত নাজিম একই ব্যক্তি। কয়েক মাস আগে তিনি নিখোঁজ হন।

নাজিমের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, তাঁর স্বামী কোনো জঙ্গি দলের সঙ্গে যুক্ত নন। তাঁর মনিরামপুরে কম্পিউটারের দোকান ছিল। গত ২৫ মে নাজিমকে ঢাকা থেকে তুলে নেওয়ার পর ২৮ মে ভাটারা থানায় জিডি করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে ১ জুন যশোর প্রেসক্লাবে ও ১৬ জুলাই ঢাকায় সংবাদ সম্মেলন করে নাজিমকে উদ্ধারের দাবি জানিয়েছিল।

এদিকে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা করেছে র‍্যাব। তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আগৈলঝাড়ার নিখোঁজ কিশোরের খোঁজ মিলল ঢাকায়: নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র নেয়ামাতুল্লাহকে (১৬) গতকাল শুক্রবার পাওয়া গেছে ঢাকার গেন্ডারিয়ায়। বাবার সঙ্গে অভিমান করে এই কিশোর ঢাকায় এসে কাজ নিয়েছিল গেন্ডারিয়ার একটি খাবারের হোটেলে।

গত এক সপ্তাহে গণমাধ্যমে নিখোঁজ হিসেবে নাম আসা ১০ জনের মধ্যে এই একজনের খোঁজ পাওয়া গেল। বাকি নয়জনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

নেয়ামাতুল্লাহ আগৈলঝাড়া সদরের জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ছাত্র। গত ৩০ নভেম্বর সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। ৩ ডিসেম্বর তার পরিবার আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরিবারই গতকাল তার খোঁজ পেয়েছে।

গেন্ডারিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক চম্পক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গেন্ডারিয়ার কদমরসুল মোড়সংলগ্ন মোখলেসের হোটেল কর্তৃপক্ষ ভোরে নেয়ামাতুল্লাহকে পুলিশে সোপর্দ করে। এর আগে এক আত্মীয় ওই হোটেলে তার খোঁজ পান।