
নাশকতার শিকার হয়ে মারা গেলেন আরও দুজন। চট্টগ্রামে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে দীর্ঘ ১৭ দিন যন্ত্রণা ভোগের পর গতকাল
রোববার ঢাকা মেডিকেলে মারা যান সুভাষ সোম (৬০) নামের একজন হিউম্যান হলারের যাত্রী। আর জয়পুরহাটে বাসে ককটেল হামলার সময় আতঙ্কে নামতে গিয়ে আহত হয়ে হাসপাতালে মারা যান উজ্জ্বল চন্দ্র (৩০) নামের অপর এক ব্যক্তি।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে পর পর তিনটি পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। ঢাকায় একটি গাড়িতে আগুন ও পাঁচটি ভাঙচুর এবং জামালপুরে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। টাঙ্গাইলে আওয়ামী লীগের একজন নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নয়টি পেট্রলবোমা ও কয়েকটি ককটেল। নাটোরে উদ্ধার করা হয়েছে শক্তিশালী হাতবোমা।
গতকাল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতার আশঙ্কা এবং মামলা ও অন্যান্য ঘটনায় আটক করা হয় অন্তত ২৫ জনকে। গাড়িতে আগুন দেওয়া হয় চারটি এবং ভাঙচুর করা হয় ১০টি।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬২তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৮ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৭০৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৩১টি।
দগ্ধ ব্যক্তির মৃত্যু: মারা গেলেন দগ্ধ সুভাষ সোমও (৬০)। গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে হিউম্যান হলারে বাড়ি ফেরার পথে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
স্বজনেরা জানান, চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে সবজি আড়তের কর্মচারী ছিলেন সুভাষ। স্ত্রী নেলী সোম আর তিন মেয়ে নিয়ে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ১৮ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হিউম্যান হলারে (রাইডার) বাড়ি ফেরার সময় চট্টগ্রামের টাইগারপাস এলাকায় গাড়িতে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে সুভাষসহ ওই গাড়ির সাতজন যাত্রী দগ্ধ হন। সুভাষের অবস্থা গুরুতর হওয়ায় ঘটনার পরই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, গত ১৯ ফেব্রুয়ারি থেকে সুভাষ বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আগুনে শ্বাসনালি, মুখমণ্ডলসহ সুভাষের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়।
এ নিয়ে হরতাল-অবরোধে পেট্রলবোমা ও আগুনে পুড়ে মারা গেলেন ৬৪ জন। সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে সুভাষের শেষকৃত্য হওয়ার কথা।
মারা গেলেন বাসযাত্রী: জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবাহী বাসে ককটেল হামলায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন যাত্রী উজ্জ্বল চন্দ্র।
হামলার পর পালানোর সময় ছয় দুর্বৃত্তকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় তারা। পুলিশ দুর্বৃত্তদের কাছ থেকে চারটি পেট্রলবোমা, একটি ককটেল, তিনটি পটকা, একটি হাতুড়ি উদ্ধার করেছে।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জয়পুরহাট-মোলামগাড়ী সড়কের করিমপুর ত্রিমোহনীর কাছে ওই বাসে ককটেল হামলা চালানো হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের জমিতে নেমে যায়। তখন অন্য যাত্রীদের সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গুরুতর আহত হন উজ্জ্বল। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান। জয়পুরহাট শহরের চিত্রাপাড়ার মৃত ভুপেন চন্দ্র মোহন্তের ছেলে তিনি।
রাজধানীতে আগুন-ভাঙচুর-ককটেল হামলা: সপ্তাহের প্রথম দিন গতকাল সকাল থেকেই পল্টন-মতিঝিল এলাকায় ছিল ব্যস্ততা-যানজট। এরই মধ্যে বেলা ১১টার দিকে হঠাৎই গাড়ি ভাঙচুর শুরু করে একদল তরুণ। বিস্ফোরণ ঘটাতে থাকে একের পর এক ককটেলের। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ সময় কয়েকজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন মোড়ে একটি বাসসহ অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় অন্তত সাতটি ককটেলের। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আট-দশজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা আসলে জড়িত, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।
এদিকে দুপুর পৌনে ১২টার দিকে নিউমার্কেট এলাকায় মিরপুরগামী সেফটি পরিবহনের মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির যাত্রীরা দ্রুত নামতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাণে বাঁচলেন যাত্রীরা: কুমিল্লার চান্দিনা উপজেলা ফটক ও পাট গবেষণা কেন্দ্রের মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার রাতে এ হামলায় যাত্রীরা সৌভাগ্যবশত বেঁচে গেছেন।
বাসচালক আবদুল মজিদ বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার গাবতলী থেকে চট্টগ্রামের উদ্দেশে বাস নিয়ে রওনা হই। রাত ১২টার দিকে চান্দিনায় বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। দ্রুত বাসটি থামানো সম্ভব হলে যাত্রীরা যে যাঁর মতো লাফিয়ে প্রাণ বাঁচান।’
চান্দিনার ইউএনও শেখ সালেহ আহমেদ বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, পর পর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয় বাসটিতে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। পরে আগুন লেগে যায়।’
আ.লীগ নেতার বাড়ি থেকে পেট্রলবোমা উদ্ধার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলমালীরচালা গ্রামে আওয়ামী লীগের একজন নেতার বাড়ির খড়ের গাদা থেকে নয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুল আলমের ভাষ্য, গতকাল সকাল আটটার দিকে ধলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিনের বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে যান তাঁর ভাই আবু সাইদ। এ সময় সেখানে লুকানো একটি কার্টন দেখতে পান। লোকজন ডেকে তা খুলে নয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল পাওয়া যায়। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে হেলাল উদ্দিন বলেন, তাঁকে ফাঁসানোর জন্য কেউ এ ষড়যন্ত্র করেছিল। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঢাকার বাইরের আরও চিত্র: জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজার এলাকায় গতকাল সকাল ১০টার দিকে দুটি ট্রাক ও তিনটি অটোরিকশা ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা।
নাটোরের কানাইখালী বাসস্ট্যান্ড থেকে একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকার একটি চা-দোকানের টেবিলের নিচে বোমাটি দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। বোমাটির ওজন প্রায় এক কেজি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর থেকে গতকাল বিকেলে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করেছে র্যাব। পাবনার সদর থানা চত্বর ও আবদুল হামিদ সড়কে গতকাল সন্ধ্যায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
{প্রতিবেদন তৈরিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা সহায়তা করেছেন}