আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পের কাছে গতকাল বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়ে এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম নূরে এলাহী (৩২)।
এ ছাড়া গতকাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়নে সংঘর্ষে দিদার হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।
গতকালের দুজনসহ এ পর্যন্ত সারা দেশে ইউপি নির্বাচনী সহিংসতায় ৫৭ জন নিহত হলেন।
কাল শনিবার চতুর্থ ধাপে সাত শতাধিক ইউপিতে ভোট গ্রহণ করা হবে। গতকাল মধ্যরাতে এসব ইউপিতে প্রচারণা শেষ হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
হাটহাজারী: চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছারের পক্ষে নূরে এলাহী সন্ধ্যায় মিছিলে অংশ নেন। রাতে নেতা-কর্মীরা সরকারহাটে যান। সেখানে আবছারের নির্বাচনী ক্যাম্পের পাশে নূরে এলাহী গুলিবিদ্ধ হন। নিজেদের কোনো কর্মীর কাছে থাকা অস্ত্র থেকে গুলি বের হয়ে নূরে এলাহীর বুকে লাগে। এ ব্যাপারে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। অস্ত্র উদ্ধারে এলাকায় অভিযান চলছে।
ঝিনাইদহ: নিহত দিদার হোসেনের বাড়ি ফলসি ইউনিয়নের ফলসি গ্রামে। গতকাল সকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের সমর্থকদের সংঘর্ষের সময় দিদার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ফজলুর রহমানের অভিযোগ, সংঘর্ষ চলাকালে তাঁর সমর্থক দিদারকে ধাক্কা দিয়ে ফেলে দেন বজলুর রহমানের কয়েকজন সমর্থক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে বজলুর রহমানের দাবি, দিদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিদারের মৃত্যু হয়েছে উল্লেখ করে চিকিৎসক মৃত্যুসনদ দিয়েছেন। সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
কুমিল্লা: সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মাহফুজ আলমের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মো. কামরুল আলম মোল্লার সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মাগুরা: দুপুরে জেলার মহম্মদপুর উপজেলায় পলাশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রবিউল ইসলাম মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।
মহম্মদপুরের নহাটা ইউনিয়নে ২ মে আওয়ামী লীগের প্রার্থী মো. আলী মিয়ার সমর্থক ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে কয়েক দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় থানায় ৪৪ জনের নাম উল্লেখসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে দুটি মামলা হয়েছে। এরপর থেকে গ্রেপ্তার-আতঙ্কে ওই ইউনিয়নের অনেকে পলাতক রয়েছেন।
মাদারীপুর: সন্ধ্যায় জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল মোল্লার মিছিলে হামলা হয়েছে। এ সময় তাঁর চাচাতো ভাই বাবুল মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হন। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের প্রার্থী সেলিম সরদারের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। এ ব্যাপারে মুঠোফোনে চেষ্টা করেও সেলিম সরদারের বক্তব্য পাওয়া যায়নি।
রাজবাড়ী: গত বুধবার রাতে সদর উপজেলার দাদশী ইউনিয়নের দাদশী বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান ও বিএনপির প্রার্থী হাফেজ মো. লোকমান হোসেনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে।
মানিকগঞ্জ: জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল হক ও তাঁর শ্বশুরবাড়িতে গত বুধবার রাতে হামলা হয়েছে। এতে ওবায়দুল হক (৫২), তাঁর স্ত্রী আসমা হক (৪৫), বাবা ফজলুল হক (৭৮), দুই ভাই হেদায়েতুল হক (৪৫), আসাদুল হক (৪৩) এবং ছোট ছেলে প্লাবন হকসহ নয়জন আহত হন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ ওবায়দুলের।