রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগের ঘটনা তদন্তের জন্য আরও দুটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্রীর বয়স নিয়ে সন্দেহ থাকায় নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উপজেলার দলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরজিনা খাতুনকে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর বাদশা ২০১৩ সালের ৩ জানুয়ারি বিয়ে করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হককে তদন্ত করার নির্দেশ দেন।
তিনি সরেজমিনে তদন্ত করে ৩০ ফেব্রুয়ারি ইউএনওর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্তে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ের সত্যতা মেলে।
ইউএনও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৫ মার্চ তদন্ত প্রতিবেদনসহ রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠান।
এ ঘটনায় সম্প্রতি আরও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ মার্চ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতারকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন ইউএনও। অধিকতর তদন্তের জন্য গত ৩০ মার্চ রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম খলিলুর রহমান জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়াছমিন আখতারকে প্রধান করে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করেন। ১৫ দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম খলিলুর রহমান বলেন, ইউএনওর কার্যালয় থেকে দেওয়া তদন্ত প্রতিবেদনে বিয়ের সময় মেয়েটির বয়স ১৮ বছর উল্লেখ করে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনের ফটোকপি দেওয়া হয়। এ কারণে অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।