পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী, বহিরাগত ও ছাত্রলীগ নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট চারটি মামলা দায়ের হলো। এসব মামলায় ইতিমধ্যে ৫১ জন ছাত্রকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানা সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। এ মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। একই দিন ১৫৪ ধারায় অপর মামলাটি করেন এসআই আবদুল হামিদ। এ মামলায় আসামি করা হয়েছে ৪০ জনকে। এর আগে রোববার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল ইসলাম খান বাদী হয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি এবং পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন বাদী হয়ে হামলা ও মারপিটের অভিযোগে আরও একটি মামলা করেন। এ চারটি মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, চারটি মামলারই আসামি ও গ্রেপ্তার ব্যক্তিদের সবাই ছাত্র। এঁদের মধ্যে অস্ত্র আইনের মামলায় পাঁচজন এবং হামলা ও মারপিটের মামলায় ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। পরীক্ষাসহ দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে চাঁদাবাজি, ছিনতাই ও বখাটেপনাকে কেন্দ্র কিছুদিন ধরে বহিরাগতদের সঙ্গে ছাত্রদের বিরোধ চলছিল। ছাত্রদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের একটি প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় বিরোধ মীমাংসার জন্য পলিটেকনিকে যায়। এ সময় বহিরাগতরা ছাত্রদের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বহিরাগত, ছাত্রলীগ ও ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হন। জেলা ছাত্রলীগের দাবি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।