চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার অদূরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরও নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট করা পাঁচ ভরি স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো।
গতকাল বুধবার বিকেলে কোতোয়ালি থানা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম।
গ্রেপ্তারকৃত নয়জন হলেন হাছান জমাদার (৩২), মানিক ওরফে কানা (২৮), ফয়সাল হোসেন (৩০), হালিম হাওলাদার (৩০), মো. রিয়াজ (২৩) এবং তাঁদের সহযোগী রুমা বেগম (২৮), জুলেখা বেগম (৩১), হাছিনা বেগম (৩৪) ও খোরশেদা আক্তার (২১)। এর আগে ঘটনার দিন ডাকাত সর্দার ইমতিয়াজ বাবুল, কালাম ও মনিরকে গ্রেপ্তার করা হয়।
ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম সংবাদ সম্মেলনে বলেন, গত সোমবার ঢাকার খিলগাঁও থানা এলাকা থেকে হাছান ও মানিককে লুট করা পাঁচ ভরি সোনাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম নগরের বন্দরটিলা সলিমপুর এলাকা থেকে ফয়সাল, হালিশহর মইন্যাপাড়া থেকে হালিম হাওলাদার, বন্দর থানার মাইলের মাথা থেকে রুমা বেগম ও রিয়াজকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়। এ ছাড়া নগরের রেলস্টেশন এলাকা থেকে জুলেখা, হাছিনা ও খোরশেদাকে গ্রেপ্তার করা হয়। পরে সবাইকে নিয়ে ফিরিঙ্গিবাজারের লইট্টাঘাটা এলাকায় গতকাল ভোরে অভিযান চালায় পুলিশ। সেখানে গেলে ডাকাতদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় হাছান ও মানিক গুলিবিদ্ধ হন। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি বন্দুক, তিনটি পিস্তলের গুলি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে ওসি বলেন, জিপিওর সামনে ডাকাতির ১৫ দিন আগে ডাকাতের দল নগরের আখতারুজ্জামান সেন্টার, মিমি সুপার মার্কেট, বহদ্দারহাট, নিউমার্কেট ও ভিআইপি টাওয়ার মার্কেটের সোনার দোকানগুলো পর্যবেক্ষণ করে। কিন্তু প্রতিটি মার্কেটে সিসি (ক্লোজ্ড সার্কিট) ক্যামেরা থাকায় এবং পালানোর সুযোগ না থাকায় পরিকল্পনা বাতিল করে। পরবর্তী সময়ে নোয়াখালীর মাইজদী ও কুমিল্লা জেলার সোনার দোকানগুলোও পর্যবেক্ষণ করে। সেখানেও ডাকাতি করে দ্রুত পালানো যাবে না বলে সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায়।
ওসি জানান, ডাকাত দলের মধ্যে মনির ককটেল এবং হাছান ও মানিক অস্ত্র সরবরাহ করেন। মূল পরিকল্পনায় থাকেন ইমতিয়াজ বাবুল।
১৩ ডিসেম্বর রাতে জিপিওর সামনে অপরূপা জুয়েলার্স ও গিনি গোল্ড জুয়েলার্সে বোমা ফাটিয়ে ও কর্মচারীদের কুপিয়ে সাড়ে চার লাখ টাকার সোনা লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. সৈয়দ নামের এক হকার নিহত ও নয়জন আহত হন। কোতোয়ালি ও পাহাড়তলী থানায় দুটি মামলা হয়েছে।
আরও তিন ডাকাত গ্রেপ্তার: ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বাকলিয়া থানার পুলিশ রামদা, রডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে নগরের কল্পলোক আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ বাবুল (২৭), মোহাম্মদ মহসীন (২০) ও জামাল হোসেন (২০)।