চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় সংঘর্ষের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে নগরের সিআরবি, নন্দনকানন ও চট্টগ্রাম স্টেশনসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে একজন ২০১৩ সালে সিআরবি এলাকায় শিশুসহ জোড়া খুন মামলার আসামি।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে অমিত মুহুরী এজাহারভুক্ত আসামি। ১ নভেম্বর সিআরবির সাত রাস্তার মোড়ে সংঘর্ষের ঘটনায় নয়জন আহত হন। আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং সাইফুল আলম ওরফে লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দিন রাতে কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রুহুল আমিন ৫৪ জনের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার অমিত মুহুরী যুবলীগের বহিষ্কৃত নেতা বাবরের অনুসারী। সিআরবি এলাকায় সংঘর্ষের বিভিন্ন ঘটনায় বাবরের পক্ষে তিনি নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে শিশুসহ দুজন খুন হয়। ওই জোড়া খুনের মামলারও আসামি তিনি।