আরও ২৩ কোটি টাকা লুটের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় কয়েক মাস ধরে চিংড়ির চাষ নেই। এর পরও সেখানে চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে আরও ২৩ কোটি টাকা লুটপাটের আয়োজন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ও ধলঘাটা এলাকার ১ হাজার ৪১৪ একর জমির ওপর প্রায় ৩৬ হাজার কোটি টাকায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে সরকার। প্রকল্পে জমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৩৭ কোটি টাকা।
এর মধ্যে চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে ‘জালিয়াতির মাধ্যমে’ গত বছরের আগস্ট মাসে ২০ ব্যক্তিকে প্রায় ২৩ কোটি টাকা পরিশোধ করে জেলা প্রশাসন। পরে সেই টাকা ফেরত চেয়ে ওই ২০ ব্যক্তির বিরুদ্ধে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা এবং মাতারবাড়ীর একজন চিংড়িচাষি বাদী হয়ে ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে পৃথক দুটি মামলা করেন।
এলাকাবাসীর অভিযোগ, ১৬টি চিংড়িঘেরের ইজারাদার ৯৩ ব্যক্তির বিপরীতে চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে আরও প্রায় ২৩ কোটি টাকা লুটপাটের প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।
১০ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা টিয়াকাটি, আনিছেরদিয়া, মগবাড়ী, উলাখালী, রাঙ্গাখালী ভিতরেরঘোনা, রোস্তমেরদোনা নামক ঘেরে চিংড়ির চাষ নেই। পাশের সোসাইল্যাঘোনা, ছোয়াখালীঘোনাসহ কয়েকটি চিংড়িঘেরের জমিতে চলছে লবণ উৎপাদন।
জেলা ভূমি অধিগ্রহণ শাখার তথ্যমতে, আনিছেরদিয়ার ১২০ একরের একটি ঘেরের চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে মাতারবাড়ীর বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন ও মো. আবু আহমদের নামে বরাদ্দ রাখা হয় ৪ কোটি ১৪ লাখ টাকা। বাস্তবে সেখানে চিংড়ির চাষ হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে চিংড়িঘেরের ইজারাদার সাখাওয়াত হোসেন বলেন, ছয় মাস আগে চিংড়ির চাষ চলাকালে ওই ক্ষতিপূরণের তালিকা করা হয়েছিল। দুই মাস ধরে সেখানে চিংড়ির চাষ বন্ধ রয়েছে। কিন্তু চিংড়ির ক্ষতিপূরণের প্রথম কিস্তির ২৩ কোটি টাকা লুটপাটের অভিযোগ গণমাধ্যমে ফাঁস হলে দ্বিতীয় কিস্তির ২৩ কোটি টাকা বরাদ্দে বিলম্ব হয়। এখন বরাদ্দের ওই টাকা বিতরণের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গাখালী, ভিতরেরঘোনা ও ছোয়াখালীঘোনার বিপরীতে স্থানীয় ইজারাদার আবুল বশরসহ তিন ব্যক্তির নামে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৮ লাখ টাকা। কিন্তু এই ঘেরেও কোনো চিংড়ির চাষ নেই।
আবুল বশর বলেন, ‘প্রকল্পের জন্য ছয় মাস আগে জমি হস্তান্তরের পর চিংড়িঘেরের দখল ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো চিংড়ির ক্ষতিপূরণ পাইনি।’
মগবাড়ী ঘেরের বিপরীতে স্থানীয় সৈয়দ হোসাইন, রজি উল্লাহসহ চার ব্যক্তির নামে বরাদ্দ রাখা হয় ১ কোটি ৭৩ লাখ টাকা। সৈয়দ হোসাইন বলেন, ‘চিংড়িঘেরে কোনো দিন যাইনি। চিংড়ির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা শ্রমিকেরাই বলতে পারবেন।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার মগডেইল গ্রামের একাধিক বাসিন্দা বলেছেন, দুই মাস আগে মাতারবাড়ীর প্রায় তিন হাজার একর জমিতে চিংড়ির চাষ শেষ হয়েছে। সেই জমিতে গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে লবণ উৎপাদন। এখন জেলা প্রশাসন, রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি সিন্ডিকেট করে চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে আরও ২৩ কোটি টাকা লুটপাটের চক্রান্ত করছেন।
খালি জমিতে চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে অর্থ বরাদ্দ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বলেন, চিংড়ির ক্ষতিপূরণের তালিকাটি আগে তৈরি হয়েছিল। তিনি ৩ জানুয়ারি প্রকল্প এলাকা পরিদর্শনকালে সেখানে কোনো চিংড়ির চাষ দেখতে পাননি বলেন জানান।
জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, কাগজপত্র যাচাই-বাছাই না করে কাউকে চিংড়ির ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না। দ্বিতীয় দফার চিংড়ির ক্ষতিপূরণের তালিকায় ভুয়া ব্যক্তিরা যাতে ঢুকতে না পারে, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।