বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় আরও ২৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় আসামি করা হয়েছে ৬৯ জনকে। বেশির ভাগ মামলাতেই আসামি হয়েছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম ও ডিএমডি ফজলুস সোবহান। এ ২৩টি মামলাতেও নেই ব্যাংকটির পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম।
গতকাল মঙ্গলবার রাতে মতিঝিল থানায় চারটি, পল্টন থানায় আটটি এবং গুলশান থানায় ১১টি মামলা করেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। এসব মামলায় প্রায় ৭৮১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আসামির তালিকায় থাকা ৬৯ জনের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ২২ জন। ঋণগ্রহীতা ২৪টি প্রতিষ্ঠানের ৩৬ জন এবং সার্ভে প্রতিষ্ঠানের ১১ জনকে আসামি করা হয়েছে। বেসিক ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সাতজন নতুন করে আসামি হয়েছেন। বাকি ১৫ জন সোমবার করা ১৮ মামলার আসামি ছিলেন। ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধেও সোমবার মামলা হয়।
গতকাল করা দুদকের ২৩টি মামলার মধ্যে বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম এবং বর্তমান ডিএমডি ফজলুস সোবহানকে আসামি করা হয়েছে ১৮টি করে মামলায়। বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ১৪টি এবং বর্তমান ডিএমডি কনক কুমার পুরকায়স্থ নয়টি ও মো. সেলিম দুটি মামলায় আসামি হয়েছেন। সাবেক এমডি এ কে এম সাজেদুর রহমান তিনটি ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদকে আসামি করা হয়েছে পাঁচটি মামলায়।
এ ছাড়া ব্যাংকটির শান্তিনগর শাখার সাবেক শাখাপ্রধান মোহাম্মদ আলী ছয়টি মামলায়, একই শাখার সাবেক শাখাপ্রধান মো. মোজাম্মেল হোসেন তিনটি, গুলশান শাখার সাবেক শাখাপ্রধান শিপার আহমেদ ১০টি, সাবেক শাখা ব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ একটি, গুলশান শাখার সাবেক ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান নয়টি, প্রধান কার্যালয় ক্রেডিট কমিটির সাবেক জি এম খন্দকার শামীম হাসান পাঁচটি, দিলকুশা শাখার সাবেক শাখাপ্রধান গোলাম ফারুক খান চারটি এবং শান্তিনগর শাখার ক্রেডিট ইনচার্জ সরোয়ার হোসেন একটি মামলায় আসামি হয়েছেন।
নতুন করে আসামি হয়েছেন বেসিক ব্যাংকের সাতজন কর্মকর্তা। দিলকুশা শাখার সাবেক কর্মকর্তা পলাশ দাশগুপ্ত দুটি, একই শাখার জহির উদ্দিন দুটি এবং সাবেক কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক জিএম আবদুল হাদী গোলাম সানজারী ও কোরবান আলী, এজিএম ইমরুল ইসলাম ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক মহিবুল হক একটি করে মামলার আসামি হয়েছেন।
১৮ মামলা করল দুদক, আসামি ৫৬ জনঋণগ্রহীতা যেসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁদের মধ্যে ভাসাবী, তাহমিনা ডেনিম ও তাহমিনা নিটওয়্যারের ইয়াসির আহমেদ খানের বিরুদ্ধে তিনটি, কামাল জামান মোল্লা ও কাজী রিজওয়ান মোমিনুল হকের বিরুদ্ধে দুটি এবং আজমল হক আযিমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। দুটি করে মামলা হয়েছে প্রোপেল ইন্টারন্যাশনাল ও টেলিওয়েজ ইন্টারন্যাশনালের শওকত আজিম ও রিজিয়া বেগমের বিরুদ্ধে। সৈয়দ রিয়েল এস্টেটের সৈয়দ হামদুজ্জামানের বিরুদ্ধে দুটি, রোজিনা জামানের বিরুদ্ধে একটি এবং আলী ট্রেডের মাহবুবুল আলম ও আহাদুজ্জামান বাতেনের বিরুদ্ধে একটি করে মামলা হয়েছে। এমারেল্ড অয়েলের সৈয়দ হাসিবুল গণি, মনোয়ারুল ইসলাম, এ এস এম মনিরুল ইসলাম, সজন কুমার বসাক ও অমিতাভ ভৌমিক এবং নীল সাগরের আহসান হাবিবের বিরুদ্ধে একটি করে মামলা হয়েছে।
এ ছাড়াও মামলা হয়েছে ডায়নামিক ট্রেডিংয়ের আবুল কালাম মো. রায়হান, এলআর ট্রেডিংয়ের লুৎফা বেগম ও রফিকুল ইসলাম, আহমেদ অয়েলের আশরাফ আহমেদ ও নাসরিন জাহান, আমিরা শিপিংয়ের গিয়াসউদ্দিন মোল্লা, রিলায়েন্স শিপিংয়ের আসিফ ইকবাল, এশিয়ান শিপিংয়ের আকবর হোসেন, এআরএসএস ইন্টারন্যাশনালের সাবির হোসেন, সিলভারকমের সাইফুল আজম, এশিয়ান ফুডের আবদুল বারী খান, বি আলম শিপিংয়ের বশিরুল আলম, লাইফ স্টাইলের নার্গিস হোসেন ও আবুল হাসেম, খাদিজা অ্যান্ড সন্সের শামিম হাসান, সিমেক্স লিমিটেডের রাশেদুল হাসান ও নুসরাত জাহান, গুঞ্জন এগ্রোর আইনুল হক, সৈয়দ ট্রেডার্সের সৈয়দ মাহবুবুল গণি ও সুলতান আহমেদের বিরুদ্ধে।
সার্ভে প্রতিষ্ঠান এসডি সার্ভের ব্যবসায়িক অংশীদার ইকবাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে সাতটি। একই প্রতিষ্ঠানের মো. ফারুক ছয়টি, আবু সুফিয়ান একটি, রূপসা সার্ভেয়ারের জহিরুল ইসলাম দুটি, শাহজাহান আলী একটি, পিএসআর সার্ভের জসিম উদ্দিন চৌধুরী তিনটি, বিডিএসের ইবনে মোফাজ্জল একটি, ইউনিক সার্ভিস ব্যুরোর সিরাজুল ইসলাম দুটি, প্রফেশনাল অ্যাসোসিয়েটসের মোহিতুজ্জামান খান, দেশ পরিদর্শনের শফিকুল ইসলাম ও আইএইচএসের খন্দকার গোলাম মোস্তফা একটি করে মামলায় আসামি হয়েছেন।
বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় সোমবার মামলা হয় ১৮টি। ওই সব মামলায় প্রায় ৬৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয় ৫৬ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে আছেন ব্যাংকের ১৯ কর্মকর্তা, ঋণগ্রহীতা ২০টি প্রতিষ্ঠানের ৩১ জন এবং চারটি সার্ভে প্রতিষ্ঠানের ছয়জন।
বেসিক ব্যাংকে প্রায় চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় দীর্ঘ অনুসন্ধান শেষে ৫৬ মামলার অনুমোদন দেয়। কমিশনের অনুসন্ধানে ২ হাজার ৯ কোটি টাকার জালিয়াতির তথ্য পাওয়া গেছে। দুদিনে ৪১টি মামলায় ১ হাজার ৪৩৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করা হয়। বাকি ১৫টি মামলা আজ বুধবার করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।