আরও ২৮ ভারতীয় জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরসংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে গত বৃহস্পতিবার বিকেলে দুটি মাছ ধরার ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
এর আগে পাঁচ দফায় অভিযান চালিয়ে একই এলাকা থেকে আরও পাঁচটি ট্রলারসহ ৬৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। এ নিয়ে ১৫ দিনে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অভিযোগে ৯২ জন ভারতীয় জেলে এবং সাতটি মাছ ধরার ট্রলার আটক করা হলো।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, মংলা বন্দর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার ১২ নম্বর বয়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে ভারতীয় জেলেরা ঢুকে মাছ শিকার করছিল। এ সময় ওই এলাকায় টহলে থাকা নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মা এফবি জয় হনুমান ও এফবি দক্ষিণেশ্বর নামক দুটি ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করে। আটক ভারতীয় জেলেদের গতকাল শুক্রবার সকালে মংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। সন্ধ্যায় তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়।
আটক ভারতীয় জেলেরা জানান, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমায় কোনো সীমানা নির্ধারণী স্থাপনা (বয়া/লাইট) না থাকায় দিক ভুল করে তাঁরা এ দেশের সীমানায় চলে এসেছেন।