আরও ৩১ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল
ভুল ব্যাখ্যা ও মিথ্যা তথ্য দিয়ে নেওয়ায় যুগ্ম সচিব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, চিকিৎসক, তিন প্রকৌশলীসহ ৩১ জন সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত মোট ১৮২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর সনদ বাতিল করল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় গতকাল বুধবার এ-সংক্রান্ত নথিপত্র অনুমোদন করেছে। দু-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে আরও প্রায় ১০০ কর্মকর্তা মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন চেয়েছেন। তাঁদের আবেদন নাকচ করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কমিটির ওয়েবসাইটে জমা আছে এমন এক লাখ দুই হাজার ৫০১টি আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পর্যায়ে কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি উন্মুক্ত পদ্ধতিতে সবার সামনে অবেদনপত্র যাচাই করবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের পর একশ্রেণির কর্মকর্তার মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নেওয়ার হিড়িক পড়ে যায়। গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। এই তালিকায় খোদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অন্তত চারজন সচিব, একজন যুগ্ম সচিব, একজন সাবেক সচিব আছেন। কিন্তু সরকারের এই শীর্ষ কর্মকর্তাদের সনদ এখনো বাতিল করা হয়নি।
মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তদন্তে এঁদের অনেকের বিরুদ্ধেই ভুয়া তথ্য দিয়ে সনদ নেওয়ার প্রমাণ মিলেছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ছয় সচিবের বিষয়টি তদন্ত করায় তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। যেসব সচিব এই সময়ে মুক্তিযুদ্ধের সনদ নিয়েছেন তাঁরা হলেন মুক্তিযুদ্ধবিষয়কসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেন (বর্তমানে পিএসসির সচিব), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রবাসীকল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থানসচিব খোন্দকার শওকত হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের তদন্তে এই ৩১ জনের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এই কর্মকর্তাদের বেশির ভাগই সনদ নিয়েছেন ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর শুধু সনদ বাতিল বা ফৌজদারি মামলাই নয়, এসব সনদ ব্যবহার করে যাঁরা সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, তাও ফিরিয়ে নেওয়া হবে। এসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে। তিনি বলেন, ‘এমন আরও ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। আমাদের অনুসন্ধান ও যাচাই-বাছাই অব্যাহত থাকবে।’
যাঁদের সনদ বাতিল: জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি উইংয়ে ন্যস্ত) এম মাহবুব উল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুল হামিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক এস এম সেলিম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী কে এম আবুল হোসেন।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আতাউল ইসলাম, যশোরের চিকিৎসক মৃণাল কান্তি মিত্র (স্থান উল্লেখ নেই), কাস্টম হাউসের তিন রাজস্ব কর্মকর্তা নাজমুল কবির, মোস্তাক আহমেদ, নিলুফা সুলতানা। গাজীপুরের কাপাসিয়া খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক আবদুল মালেক, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আবদুল মান্নান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান সহকারী খান সিরাজুল ইসলাম ও নিরাপত্তা পরিদর্শক ফয়েজ কবির।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এম আলাউদ্দিন, গাজীপুরের সাব-রেজিস্ট্রার তৌফিক এলাহী, মাদারীপুরের নরেরকান্দা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রউফ, সাতক্ষীরার দক্ষিণ শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন মোড়ল, মান্দার সহকারী শিক্ষক আফাছ উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক নিরঞ্জন কুমার রায়, বিএডিসির হিসাবরক্ষণ কর্মকর্তা মনীষা রঞ্জন রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদউজ্জামান, সিলেট জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী মো. মাসুদুল হক, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা আলাউদ্দিন ও টালী করণিক আবদুল রউফ সরকার, চট্টগ্রামের ওয়ালী আহমেদ ও ঝিনাইদহের হাফিজুর রহমান।
টাঙ্গাইলের সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান, নওগাঁর বাদরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ সাহা ও চট্টগ্রামের কর অঞ্চল-৩-এর সাঁটমুদ্রাক্ষরিক আলমগীর কবীর চৌধুরী (অবসর)।
মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে উপকমিটি: মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের অভিযোগের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে একটি উপকমিটি করা হয়েছে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এই কমিটির প্রধান।
গতকাল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইন হালনাগাদ করার জন্য উপাধ্যক্ষ আব্দুস শহীদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জামুকাকে অধিদপ্তরের অধিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। জামুকা কার্যালয়কে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য কারও কোনো অভিযোগ থাকলে কেন্দ্রীয় কমিটিতে এ অভিযোগ পাঠাতে বলা হয়েছে।