আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা মামলায় গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর শাখার সাবেক দ্বিতীয় কর্মকর্তা রমেশ বিশ্বাস, জামালপুরের ছনকান্দা শাখার সাবেক ব্যবস্থাপক ইকবাল হোসেন চৌধুরী, একই শাখার আরেক সাবেক শাখা ব্যবস্থাপক আলী আজগর, কক্সবাজার মহেশখালীর ব্যবসায়ী জমির উদ্দীন, নারায়ণগঞ্জের সোনারগাঁর ব্যবসায়ী মো. নুরে আলম সিদ্দিকী এবং টাঙ্গাইল সদরের বাসিন্দা দলিল লেখক মো. দানেজ আলী।
১৪ মার্চ দুদকে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ২৭ মার্চ থেকে গ্রেপ্তার অভিযান শুরু করে সংস্থাটি। এ নিয়ে গত ৩৭ দিনে সারা দেশে অভিযান চালিয়ে ৯৭ জনকে গ্রেপ্তার করেছে দুদক।
দুদক সূত্র জানিয়েছে, ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে নয় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রমেশ বিশ্বাসকে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেপ্তার করে দুদক। তাঁর বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরার কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা থাকাকালে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া ঋণ দেখিয়ে এই কর্মকর্তা প্রায় নয় লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি তদন্তে ধরা পড়ার পর তিনি কিছু টাকা ব্যাংকে জমা দেন। এ ঘটনায় গ্রামীণ ব্যাংক ২০১৪ সালে কলারোয়া থানায় ২২ মার্চ এবং ২৯ মে রমেশের বিরুদ্ধে দুটি মামলা করে।
গ্রামীণ ব্যাংকের জামালপুরের ছনকান্দা শাখায় সদস্যদের নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে এবং ডিপোজিট স্লিপের মাধ্যমে আদায়কৃত টাকা ব্যাংকে জমা না দিয়ে চেক জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় ইকবাল হোসেন চৌধুরী ও মো. আলী আজগরকে।
ভুয়া চিংড়ি প্রকল্প দেখিয়ে দুই কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে কক্সবাজারে করা একটি মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী জমির উদ্দীনকে।
প্রতারণার মাধ্যমে জাল দলিল করে অন্যের জমি আত্মসাৎ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী মো. নুরে আলম সিদ্দিকীকে।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রেশন করার অপরাধে করার মামলায় দলিল লেখক মো. দানেজ আলীকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।