আরডিএর কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কর্মচারী। একই সঙ্গে তিনি আরডিএর সঙ্গে নির্মাণচুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অন্যদের সঙ্গে আর্থিক লেনদেন করেছেন। বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
তাঁর নাম মোস্তাক আহমেদ। তিনি আরডিএর উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২ জুলাই তাঁকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার রাজশাহীর পত্রিকা কার্যালয়গুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁর সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার জন্য আরডিএর পক্ষ থেকে বলা হয়েছে।
আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান বলেন, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদকে আরডিএর কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কাজ ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।