
রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে গড়ে উঠছে অনুমোদনহীন বাণিজ্যিক ভবন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি ভবন ভেঙে ফেলার নির্দেশ দিলেও তাঁরা সেখানে বহাল তবিয়তে ব্যবসা করে যাচ্ছেন। এবার আরও একটি ভবনের নির্মাণকাজ চলছে। এই ভবনমালিককেও নোটিশ দেওয়া হয়েছে।
নগরের অলকার মোড় এলাকায় সবচেয়ে প্রশস্ত সড়কের পাশে বোয়ালিয়া মৌজার ৭০১৯ দাগের জমির ওপরে কোনো নকশা অনুমোদন ছাড়াই একটি চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কের পাশে কোনো জায়গা না ছেড়েই ভবনের তিনতলার কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে। এখন চারতলার কাজ চলছে। এই ভবনের মালিকের নাম রবিউল আলম। তিনি প্রায় ১৫ বছর আগে এখানে একটি ভবন তৈরি করেন। যার সামনের দিকে ছিল একতলা আর পেছনের দিকে ছিল দোতলা। রাস্তা সম্প্রসারণের কারণে ভবনের সামনের অংশ ভাঙা পড়ে যায়। পেছনের অংশ এখন চারতলা করা হচ্ছে।
এই চারতলা ভবনের নকশার অনুমোদন করা নেই। এর চারদিকে নির্ধারিত পরিমাণ জায়গাও ছাড়া হয়নি। ভবনমালিকের প্রতিবেশী হাসান ঈমাম সরকার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। হাসান বলেন, রবিউল আলম তাঁর ভবন তৈরি করার সময় পাশের জায়গা ছাড়া তো দূরের কথা, তিনি তাঁর সীমানাপ্রাচীরকে ভবনের দেয়াল হিসেবে ব্যবহার করেছেন।
নগরের অলকার মোড় এলাকাটি আরডিএ জোন-৩-এর মধ্যে পড়েছে। এই জোনের দায়িত্বে সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল তারিক। জানতে চাইলে তিনি জানান, তাঁরা অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে নোটিশ করা হয়েছে।
কথা বলার জন্য রবিউল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
নকশা অনুমোদনের ব্যাপারে আরডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুরোনো ভবনের জন্য তিনি যদি নকশা অনুমোদন করেও থাকেন, তিন বছরের মধ্যে চারতলা স্থাপনা নির্মাণ সম্পন্ন না করলে সেই অনুমোদন অকার্যকর হয়ে যায়। সুতরাং, এখন তাঁর এই ভবন অনুমোদনহীন।
এদিকে অবৈধ স্থাপনা অপসারণ করার নির্দেশ অমান্য করে রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় গড়ে তোলা হয়েছে ১১ তলাবিশিষ্ট ‘এসএস টাওয়ার’। মাত্র পৌনে তিন কাঠা জমির ওপরে নগরের প্রাণকেন্দ্রে এত উঁচু ভবন নির্মাণ করার কারণে ঝুঁকির আশঙ্কা করছেন অনেকেই। ভবনমালিক সাজ্জাদ হোসেন ঝুঁকির বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, তাঁর ভবনের ওপরে শুধু ১১ তলা নয়, ২০ তলা করা যাবে।
আরডিএ জানায়, সাহেব বাজার চৌরাস্তার মোড়ে রামপুর মৌজার আরএস খতিয়ানের ১১৫ নম্বর দাগে সাজ্জাদ হোসেন আটতলা ভবন নির্মাণের জন্য আরডিএ থেকে নকশা অনুমোদন করে নেন। এতে শর্ত ছিল, ভবনের সামনে ১ দশমিক ৫০ মিটার এবং পেছনে ও উভয় পাশে এক মিটার করে জায়গা ছেড়ে নির্মাণকাজ করতে হবে। কিন্তু তিনি তা করেনি। পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হলে এই অনিয়মটি আরডিএর নজরে আসে। আরডিএ থেকে গত বছরের ২২ এপ্রিল ভবনের অননুমোদিত অংশ কেন অপসারণ করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে কারণ দর্শনো নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভবনমালিক যে জবাব দেন তা সন্তোষজনক না হওয়ায় আরডিএর পক্ষ থেকে ২৩ জুন অবৈধ নির্মাণ সম্পূর্ণরূপে ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে আরডিএ আবার ৮ জুলাই তিন দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন। এর পরও ভবনের মালিক বহাল তবিয়তে নির্মাণকাজ চালিয়ে যান। আটতলার অনুমোদন থাকলেও ১১ তলার নির্মাণ সম্পন্ন করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, নির্দেশ অমান্য করার কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।