আরডিপির চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগ করা প্রায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা আরডিপির চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সাতক্ষীরা শহরের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই অভিযোগে সংস্থাটির আরও চারজন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (আরডিপি) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের বন্দর থানা সদরের বাসিন্দা আবদুর রাজ্জাক, সংস্থাটির সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা জুলকার নাইন এবং সাতক্ষীরা সদর উপজেলার নগরবাড়ী গ্রামের হাফিজুর রহমান।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, ঢাকার ৩২ পুরানা পল্টনের সুলতান আহমেদ প্লাজার নবম তলায় প্রধান কার্যালয় দেখিয়ে ২০১১ সালে সাতক্ষীরায় কাজ শুরু করে আরডিপি। সাতক্ষীরা সদর, শ্যামনগর, কালীগঞ্জ, নলতা, পারুলিয়া, কলারোয়া, পাটকেলঘাটা ও আশাশুনিতে কার্যালয় খোলা হয়। ১২টি প্রকল্পের আওতায় উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সংস্থাটি বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে আসছিল। কিন্তু ১৩ মে রাতে হঠাৎ জেলার আটটির মধ্যে সাতটি কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে যান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
সাতক্ষীরা শহরের বাসিন্দা ও আরডিপি গ্রাহক গৌতম কুমার পাল ও জাহাঙ্গীর আলম জানান, জেলার সাতটি শাখাই বন্ধ করে দেওয়ার খবরে গত ১৩ মে তাঁরাসহ কয়েক শ গ্রাহক সাতক্ষীরা শহরের ইটেগাছায় অবস্থিত আরডিপির সাতক্ষীরা শাখা ঘেরাও করেন। এ সময় সেখান থেকে পালানোর সময় শাখা বিনিয়োগ কর্মকর্তা রোকনুজ্জামান, উন্নয়ন সহকারী আবদুল হান্নান, শফিকুল ইসলাম ও নাছিমা বেগমকে আটক করা হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
১৩ মে আরডিপির সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা যায়, সংস্থার আটটি কার্যালয়ে ১৮ হাজার গ্রাহক রয়েছেন। সংস্থাটি গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছে ৪৪ কোটি টাকা।
গ্রেপ্তার হওয়া আরডিপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, তাঁরা এসব এলাকায় গ্রাহকদের কাছ থেকে ৪৪ কোটি টাকা আমানত হিসাবে নিয়েছেন। সংস্থারও গ্রাহকের কাছে কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ৪৪ কোটি টাকা আত্মসাতের মামলা ছাড়াও গতকাল সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) বাবুল হোসেন হোটেলে বসে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।