চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষ থেকে গতকাল মঙ্গলবার জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদির লেখা বইসহ ২৫০টি বই জব্দ করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের সিলেবাসে রেফারেন্স বইয়ের তালিকায় মওদুদির লেখা বই রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগেও এ রকম বই জব্দ করা হয়েছে। এ নিয়ে দুই বস্তা বিতর্কিত বই জব্দ করেছি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, জঙ্গিবাদকে উৎসাহিত করতে পারে, এ ধরনের সব বই বিশ্ববিদ্যালয় প্রশাসন জব্দ করার উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা বলেন, ‘কেউ হয়তো জামায়াত-শিবিরের ওপর গবেষণা করতে পারেন। এ জন্য হয়তো বিভাগটি বইগুলো রেখেছিল। ইতিমধ্যে মওদুদির লেখা বইসহ অন্যান্য বিতর্কিত লেখকের বই জব্দ করা হয়েছে।’ তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
আরবি বিভাগের সেমিনারের দায়িত্বে থাকা ফরিদ উদ্দিন বলেন, এ বইগুলো সেমিনারে অনেক বছর ধরে আছে।
আরবি বিভাগের সভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরী গতকাল বিকেলে বলেন, বইগুলো কীভাবে সেমিনারে এসেছে, সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আরবি বিভাগের তৃতীয়, চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের সিলেবাসে রেফারেন্স বইয়ের তালিকায় মওদুদির লেখা বই রয়েছে। তালিকায় মওদুদির লেখা বইয়ের মধ্যে রয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের জীবন পদ্ধতি, ইসলাম ও আধুনিক অর্থনৈতিক মতবাদ, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব।
আরবি বিভাগ সূত্র জানায়, বর্তমান সিলেবাস প্রণয়ন কমিটিতে ছিলেন অধ্যাপক রফিক আহমদ ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ শাযাআ’ত উল্লাহ ফারুকী।
অধ্যাপক রফিক আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনি এখন বাসায় আছেন। কথা বলতে পারছেন না। বুধবার অফিসে এলে এ ব্যাপারে তিনি বিস্তারিত কথা বলবেন।
রাতে আরবি বিভাগের সভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।