আরাকান আর্মির পোশাকসহ সহযোগী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে অং ইউ ইয়াই রাখাইন (২৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির (এ. এ) সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, গতকাল বুধবার রাতে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া গেছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহর ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অং ইউ স্বীকার করেছেন যে তিনি আরাকান আর্মির  সহযোগী। তাঁর বাড়ি আরাকানে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার সকালে বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তচৌকি (বিওপি) ও টহল দলের ওপর গুলি ছুড়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। মিয়ানমার সীমান্তবর্তী থানচির বড়মদক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর সন্ত্রাসীদের প্রতিহত করতে থানচি সীমান্তে অতিরিক্ত বিজিবি ও সেনাসদস্য পাঠানো হয়।

গত রাতে গণমাধ্যমে পাঠানো বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্ত হওয়ার পর বিওপি ও টহল দলকে সহায়তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিমানবাহিনীর এফ-৭ বিমান থানচির দুর্গম ওই এলাকায় টহল দিয়েছে। সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত অভিযান শুরু করা হয়েছে।