আরাফাত হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীবন্ধন
শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) অপহরণ করে হত্যার প্রতিবাদে ও ঘাতকদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীবন্ধন হয়েছে।
জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। জনউদ্যোগ নামে একটি বেসরকারি সংস্থার আহ্বানে শিক্ষার্থীবন্ধন রচিত হয়।
শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাতকে ২ আগস্ট দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরে তারা তার বাবা শহিদুল ইসলামের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত শনিবার জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের চূড়া থেকে আরাফাতের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আরাফাতের বাবা শহিদুল বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরাফাতের খালু আব্দুল লতিফ (২২), লতিফের বন্ধু মো. আসলাম (২১), রবিন মিয়া (২০) ও ইমরান হাসানকে (২১) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আরাফাতকে অপহরণের পরিকল্পনা ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তাঁরা শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।