আরিফকে গ্রেপ্তার করা যায়নি, ভিডিও ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফ হোসেন
আরিফ হোসেন

শরীয়তপুরে ছয় নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও সেসব দৃশ্য গোপনে ভিডিও করে ইন্টারনেটে ছাড়ার অভিযোগে মামলা হলেও ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আরিফ হোসেন হাওলাদারকে (২২) গতকাল রোববার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী নারীদের আপত্তিকর ছবি এবং ওইসব ভিডিও এখনো ছড়ানো হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নারীনেত্রীরা। তাঁরা দ্রুত এটি বন্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন।

জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, যাঁরা ভুক্তভোগী নারীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। মুঠোফোনের মাধ্যমে ভিডিওগুলো হাজার হাজার মানুষের হাতে চলে গেছে। এগুলো বন্ধ করা পুলিশের পক্ষে সম্ভব নয়।

আরিফ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক। ভুক্তভোগী নারীদের একজন গত শনিবার বিকেলে আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। একই দিন আরিফকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান গতকাল বলেন, আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগ পাওয়া গেছে, ঘটনার শিকার নারীদের আপত্তিকর ছবি ও ভিডিও এখনো ফেসবুকে ছড়ানো হচ্ছে। স্থানীয় মানুষের মুঠোফোনেও ভিডিও ক্লিপ ছড়াচ্ছে। জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর শাখার চেয়ারম্যান রওশন আরা বেগম বলেন, ‘ভুক্তভোগী নারীরা এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরিফ তাঁদের সর্বনাশ করেছেন। এখন কিছু সুযোগসন্ধানী বিকৃত রুচির মানুষ তা সামাজিক যোগাযোগের মাধ্যমসহ মুঠোফোনে ছড়াচ্ছে।’ পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে এসব আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানো বন্ধে পদক্ষেপ নিতে তাঁরা অনুরোধ জানাচ্ছেন।

বেসরকারি সংস্থা এসডিএসের পরিচালক রাবেয়া বেগম প্রথম আলোকে বলেন, এখনো পুলিশ কেন আরিফকে গ্রেপ্তার করতে পারছে না। এ ঘটনার পর তিনি পালালেন কীভাবে? এত বড় একটি সাইবার অপরাধ হলো; তারপরও ভিডিওগুলো বাধাহীনভাবে ছড়ানো হচ্ছে। এখনই ভিডিওগুলো জব্দ করার ব্যবস্থা করতে হবে।

পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, শরীয়তপুর শাখার আহ্বায়ক রাশিদা মির্জা বলেন, ‘সামাজিক অবক্ষয় থেকে আমাদের তরুণ-তরুণীদের রক্ষায় আরও সচেতন হতে হবে। এ ধরনের ঘটনা জঘন্য অপরাধ। ওই নারীদেরও সমাজে বাঁচতে হবে; সম্মানের সঙ্গে থাকতে হবে। সে বিষয় বিবেচনা করেই ভিডিও ছড়ানো বন্ধ করার উদ্যোগ নেওয়া দরকার।’