আরিফকে গ্রেপ্তারে তিন নারী সংগঠনের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফ হোসেন হাওলাদার। ফাইল ছবি
আরিফ হোসেন হাওলাদার। ফাইল ছবি

শরীয়তপুরে ছয় নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও সেসব দৃশ্যের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা আরিফ হোসেনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে তিনটি নারী সংগঠন স্মারকলিপি দিয়েছে। এদিকে বারবার অবস্থান পরিবর্তন করার কারণে তাঁকে গ্রেপ্তার করতে পারছে না বলে দাবি করেছে পুলিশ।

আরিফকে দ্রুত বিচারের মুখোমুখি করা ও এ ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আজ সোমবার জেলা পুলিশ সুপার বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। নারী সংগঠনগুলো হলো—জাতীয় মহিলা সংস্থা, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট শরীয়তপুর ও দুর্বার নেটওয়ার্ক।

আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গত ১১ নভেম্বর ভুক্তভোগী এক নারী মামলা করেছেন। এরপর পেরিয়ে গেছে ১০ দিন। পুলিশ বলছে, আরিফকে খুঁজে পাওয়া পাচ্ছে না।

নারীনেত্রীরা দাবি করেছেন, নারীদের যেসব অবমাননাকর ভিডিও ও তথ্য ইন্টারনেটে ছড়ানো হয়েছে তা আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং নির্যাতিত নারীদের শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান আইনজীবী রওশন আরা বেগম বলেন, ‘১০ দিনেও অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা খুবই হতাশা ও উদ্বেগের। ওই ক্ষতিগ্রস্ত নারীদের মনের শঙ্কা ও ভয় দূর করা আমাদের প্রতিটি সংস্থার দায়িত্ব। পুলিশের উচিত দ্রুত আরিফকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।’

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আরিফ হোসেন হাওলাদার। তিনি ফেরাঙ্গিকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। ফাঁদে ফেলে ছয় নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১৫ অক্টোবর ছয় নারীকে ধর্ষণের ভিডিও ও ছবি মানুষের হাতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় পরে ছাত্রলীগ আরিফকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

ভেদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম মিয়া প্রথম আলোকে বলেন, আরিফকে গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি দল অভিযান চালাচ্ছে। বারবার অবস্থান বদল করার কারণে তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।