আরিফুল হত্যাকাণ্ড গ্রেপ্তার ছয়জন
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র আরিফুল ইসলাম (২০) নিহতের ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দামপাড়া গ্রামের হাজের উদ্দিনের ছেলে আ. ছামাদ (৫৫), তাঁর দুই ছেলে সারোয়ার হোসেন (৩৫) ও সানোয়ার হোসেন (২২), আ. ছামাদের ভাই শাহজাহান আলীর ছেলে জয়নাল আবেদীন (২৫) ও রুবেল হোসেন (২২) এবং গণি মোল্লার ছেলে আ. কাফি মোল্লা (৫৪)। এর আগে ঘটনায় নিহত আরিফুলের মা অমিছা বেগম বাদী হয়ে চৌদ্দ জনকে আসামি করে বুধবার বিকেলে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, গত বুধবার রাতে কাফী মোল্লাকে উপজেলার ডুগডুগি বাজার থেকে এবং অন্য আসামিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) খায়রুল বাশার স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, গত বুধবার সকালে বাবুল মিয়া তাঁর দুই ছেলে মাসুদ রানা ও আরিফুল ইসলামকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে যান। ছামাদ উদ্দিন তাঁর দুই ছেলে এবং দুই ভাতিজাকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র ও মরিচের গুঁড়া নিয়ে ওই জমিতে যায়। তারপর বাবুল মিয়া ও তাঁর দুই ছেলের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের তিনজনকে উদ্ধার করে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল মারা যান। গুরুতর জখম অবস্থায় বাবুল মিয়া ও মাসুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।