আরেক মামলায় গ্রেপ্তার গাজীপুর সিটি মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার জয়দেবপুর থানার পুলিশ নতুন করে একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ২০ দলের হরতাল-অবরোধ চলাকালে গাজীপুরের টেকনগরপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মেসার্স হাওলাদার জেনারেল স্টোরের সামনে পুলিশ বহন করা লেগুনা গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরের দিন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেমের আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সঙ্গে মেয়র এম এ মান্নান সরাসরি জড়িত থাকার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ কারণে তাঁকে গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশ চান তদন্ত কর্মকর্তা।
সিটি মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বলেন, ওই মামলায় মান্নানের নাম এজাহারে ছিল না। আগে তাঁর বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট আটটি মামলা ছিল। তিনি সব মামলায় জামিন পাওয়ার পর গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত লোকেরা ষড়যন্ত্র করে নতুন আরেকটি মামলায় তাঁকে ফাঁসিয়েছে।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের আদালতে পুলিশ জয়দেবপুর থানার বিস্ফোরক দ্রব আইনের [৪০ (১২) ১৩ ] মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তারের আবেদন করলে আদালতের বিচারক তা মঞ্জুর করেন।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন। এরই মধ্যে দুটি মামলায় এম এ মান্নানের নামে চার্জশিট দাখিল হয়েছে।