আরেক শিশুকে শিকলে বেঁধে নির্যাতন
বরগুনার তালতলী উপজেলায় চুরির অভিযোগে জোবায়ের হোসেন (১১) নামের আরেক শিশুকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে গত সোমবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোবায়ের বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের কদমতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, ‘নির্যাতনে শিশুটির ডান হাতের কনুই ফুলে গেছে। এ জন্য এক্স-রে করতে বলেছি। এ ছাড়া দাঁতে চোট পাওয়ার কথা বলেছে সে। মানসিকভাবে সে ভীতসন্ত্রস্ত।’
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা খালি না থাকায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা চলছে জোবায়েরের।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে বিদ্যালয় ছুটির পর জোবায়ের বাড়ি ফিরছিল। পথে বৃষ্টি শুরু হলে সে স্থানীয় একটি মুদি দোকানের পাশের বারান্দায় আশ্রয় নেয়। এ সময় দোকানের মধ্যে কেউ আছে কি না, তা দেখার জন্য জোবায়ের ভেতরে উঁকি দেয়। এ খবর শুনে দোকানমালিক এমাদুল হাসান আকন ছুটে আসেন। তিনি জোবায়েরকে ধরে মাটিতে ফেলে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে জোবায়েরের ঠোঁট ফেটে যায় ও দাঁতে আঘাত লাগে। এরপর প্রচণ্ড বৃষ্টির মধ্যে তালগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে তাকে মারধর করা হয়। একপর্যায়ে জোবায়েরের বাবা ও মা সেখানে ছুটে যান। তাঁদের সামনেও নির্যাতন চলে। পরে জোবায়েরকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করান তার মা-বাবা।
জোবায়েরের মা কাজল বেগম বলেন, ‘মোরা গরিব মানুষ বইল্লা হ্যারা এই রহম নির্যাতন করতে সাহস পাইছে। এহন পোলাডারে চিকিৎসা করামু, হেই সামর্থ্যও মোগো নাই।’
জোবায়েরের বাবা আবদুস সালাম জানান, ছেলে সুস্থ হলে তিনি মামলা করবেন।
এমাদুল হক আকন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘ওই ছেলেটি তিনবার আমার দোকানে চুরি করেছে। সোমবার পুনরায় চুরি করার সময় এলাকার কয়েকজন ওকে ধরে কয়েকটা চড়-থাপড় দিয়েছে। এরপর আমি এসে ওর মা-বাবাকে খবর দিয়ে তাঁদের কাছে ছেলেকে দিয়ে দিয়েছি। আমি ওকে মারধর করিনি।’
গত ৩ আগস্ট রাতে বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে শিশু রবিউলকে হত্যার পর লাশ স্থানীয় লখনার খালে ফেলে রাখা হয়।