আরেকজন গ্রেপ্তার, চলছে ধান কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে সাঁওতালদের রোপণ করা ধান কাটা ও মাড়াই চলছে। এ ধান সাঁওতালদের দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষে থোমাস হেমরম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গত শনিবার মামলা করেন। একই ঘটনায় এর আগে ১৬ নভেম্বর স্বপন মুরমু বাদী হয়ে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেছিলেন। এ মামলায় রোববার রাতে শফিউল আলম (৩২) নামের এক ব্যক্তিকে উপজেলার কুঞ্জখালাশপুর গ্রামে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে বৃহস্পতিবার থেকে ধান কাটা ও মাড়াই চলছে। গতকাল পর্যন্ত সাঁওতালদের কাছে ৬০০ মণের বেশি ধান তুলে দেওয়া হয়েছে। তবে ধান কাটার সময় জমিতে কোনো সাঁওতালকে দেখা যায়নি।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ১৭ নভেম্বর ফসল তুলে সাঁওতালদের দিতে নির্দেশ দেন উচ্চ আদালত। এ অনুযায়ী ধান কাটা হচ্ছে। সাঁওতালেরা খামারের মোট ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে প্রায় ১৩৫ একর জমিতে রোপা আমন ধান চাষ করেন। এর মধ্যে ৩০ একর জমির ধান পেকেছে।
গত ৬ নভেম্বর উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের জমিতে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হন।