আরেকজনের পরিচয় মিলেছে দুটি লাশ বেওয়ারিশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে নিহত সাতজনের মধ্যে আরেকজনের পরিচয় মিলেছে। হাসান আলী (৪০) নামের ওই ব্যক্তির লাশ গতকাল বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পাঁচজনের পরিচয় পাওয়া গেল। পরিচয় না মেলায় বাকি দুটি লাশকে বেওয়ারিশ ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসানের মরদেহ গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় গ্রহণ করেন তাঁর স্ত্রী গুলনাহার বেগম। হাসান আড়াইহাজার উপজেলার চন্দনপুরা এলাকার হযরত আলীর ছেলে। বাকি দুটি লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে গতকাল রাত আটটার দিকে হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আজ (গতকাল) সন্ধ্যা ছয়টায় হাসান আলীর স্ত্রী লাশ শনাক্ত করে নিয়ে গেছেন। তিনিও মূলত ডাকাত। তবে তাঁর বিরুদ্ধে মামলা আছে কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, লাশগুলো কিছুটা পচে দুর্গন্ধ হয়ে যাওয়ায় পরিচয় না পাওয়া দুজনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করতে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার গভীর রাতে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় ডাকাত সন্দেহে সাতজনকে পিটিয়ে হত্যা করেন এলাকাবাসী। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় হত্যা ও ডাকাতির দুটি পৃথক মামলা হয়। নিহত সাতজনের মধ্যে গত মঙ্গলবার চারজনের পরিচয় মেলে।