আরেকটি স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডের ঘটনায় শহরের মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব হামিদকে (৫৫) প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে।

মাশুক ফেরদৌসের বাবা ইমদাদুল হক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় এই মামলা করেন। ইমদাদুল হক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

বগুড়া শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুক ফেরদৌসকে গত শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় মাশুককে উদ্ধার করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব হামিদ, তাঁর ছোট ভাই শহরের ১৭ ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। এই দুই ভাই তাঁদের সহযোগীদের নিয়ে মাশুককে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে মামলায় উল্লেখ করেন ইমদাদুল হক। এজাহারে বলা হয়, হত্যাকাণ্ডের দুদিন আগে কাউন্সিলর মেজবাহুল হামিদের অফিসে খুনিদের নিয়ে পরিকল্পনা বৈঠক হয়েছিল।

মামলার প্রধান আসামি মাহবুব হামিদ একজন ক্রিকেটারের বাবা। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে ঘায়েল এবং আমার পরিবারকে হেয় করার জন্য আমাকে ও আমার ভাইসহ নিরীহ বেশ কিছু লোককে এই হত্যা মামলায় জড়ানো হচ্ছে। মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। মাশুকের খুনিদের আমরাও বিচার চাই।’

মাশুক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাটিডালি এলাকাবাসী ও তাঁর সহপাঠীদের উদ্যোগে গতকাল মানববন্ধন হয়েছে।

জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, মাশুক ফেরদৌস হত্যার ঘটনায় হত্যাকারীদের শাস্তির দাবিতে ঢাকা মহানগর জাসদ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যারা এ হত্যার সঙ্গে জড়িত, তাদের যেন একচুলও ছাড় দেওয়া না হয়।’

মানববন্ধনে ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহসভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।