বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সন্ত্রাসী হামলায় জোড়া খুনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় আরেকটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় শতাধিক লোককে আসামি করা হয়েছে।
মামলায় বাদী হয়েছেন নিহত চালক সোহরাব হোসেন ওরফে সোহাগের বাবা নওগাঁ সদরের দোগাছী গ্রামের বাসিন্দা আবদুল খালেক।
ওই সন্ত্রাসী হামলায় শফিকুল ইসলাম নামের আরেক যুবলীগ নেতা খুন হন। এ ঘটনায় তাঁর বড় ভাই নূর ইসলাম বাদী হয়ে ১০ জানুয়ারি আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আবদুল খালেক মামলায় আদমদীঘি উপজেলা জাতীয় পার্টি ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক লোককে আসামি করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, সিএনজিচালিত অটোরিকশা ও আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির মধ্যে চলমান বিরোধের আপসের জন্য ৮ জানুয়ারি দুপুরে সান্তাহার শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে উভয় পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওই দিন বেলা ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সদস্য সোহরাব হোসেন ওরফে সোহাগ, সমিতির সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, নূর ইসলামের ছোট ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ ডাকবাংলোতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা জাতীয় পার্টি ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলাম খুন এবং সোহাগ গুরুতর জখম হন। এই খুনের ঘটনায় শফিকুলের বড় ভাই নূর ইসলাম বাদী হয়ে ১০ জানুয়ারি আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৯ জানুয়ারি ভোররাতের দিকে সোহাগের মৃত্যু হয়।