আর্থিক লেনদেন নিয়ে দুই পাড়ায় সংঘর্ষ, আহত ৭
বগুড়ার ধুনটে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুদিন ধরে আলতাবনগরের ৪১টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের আলতাবনগর ও মাইলানপাড়ার মধ্যে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া নিয়ে গত শনিবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। এতে মাইলানপাড়ার খোরশেদ আলী (২৮) ও স্কুলছাত্র মিলন (১৬) আহত হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাইলানপাড়ার লোকজন আলতাবনগরের আবদুল হামিদ (৫০), আবদুল মোমিন (২৮), ফোরহাদ হোসেন (২০), পাভেন হোসেন (২৫) ও রনজু মিয়া (২০) নামের পাঁচজনকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মাইলানপাড়ার আরিফুল ইসলাম বলেন, ‘হামার পাড়োত ৪১টি পরিবারের ঘরোত বিদ্যুতের সংযোগের লিতে প্ররাই দুবছর আগোত আলতাবনগরের আবদুল হামিদ ও আবদুস সালেকরে ৪ লাখ ৮৮ হাজার টাকা দিছনু। এখন আবারও তাঁরা মসজিদের উন্নয়নের কোথা কইয়া ২৫ হাজার টেকা দাবি করছে। এর মধ্যে শনিবার সকালে হামরা ১৫ হাজার দিছি। তাও আলতাবনগরের মানুষ হামাগরে সংযোগ লিতে বাধা প্রদান করিচ্ছে। হামাদের লোকজন সংযোগ লিতে গেলে তারা হামার পাড়ার দুইজনকো পিটিয়ে আহত করছে।’
আলতাবনগরের সেকান্দার আলী বলেন, ‘হামরা ২৫ হাজার টিকা খরচা করি অন্য পাড়োত থিনি বিদ্যুতের লাইন লিছি। তারা হামাইংগরে মসজিদের নামে সেই ২৫ হাজার টিকা দেউখ। তার পরে হামরা লাইন দিচ্ছি। লাইন দিচ্ছিনু না দেখি রাস্তা দিয়ে বাজারোত যাওয়ার সময় তারা হামাইংগরে পাঁচজন লোকক পিটিয়া আহত করছে। হামরা দুই দিন ধরি বাড়িত থানি বার হতি পারচ্ছি না। পরে পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের হাসপাতালে লেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, দুই পাড়ার মাঝখানের সংযোগ সড়কে মাইলানপাড়ার লোকজন দল বেঁধে বসে পাহারা দিচ্ছে। ভয়ে আলতাবনগরের কেউ ওই সড়ক দিয়ে বের হতে পারছেন না।
আবদুল হামিদ বলেন, আলতাবনগর থেকে মাইলানপাড়া পর্যন্ত বিদ্যুতের নতুন সংযোগ দিতে ১২টি খুঁটি ও তার কিনতে হয়েছে। এ কাজে তিনি সঙ্গে থাকলেও মাইলানপাড়ার লোকজন নিজেরাই টাকাটা খরচ করেছেন। আলতাবনগরের লোকজনের হাতে মাইলানপাড়ার লোকজন কোনো টাকা দেননি। আরিফুল মিথ্যা বলছেন বলে দাবি করেন আবদুল হামিদ।
ধুনট থানার এসআই আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। পরে আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বিজয়চন্দ্র কুণ্ডু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।