আর্মি হাউজিং স্কিমের জলসিঁড়িকে ৫০ লাখ টাকা জরিমানা
পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করার অভিযোগে আর্মি হাউজিং স্কিমের জলসিঁড়ি আবাসন প্রকল্পকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগে জলসিঁড়ি প্রকল্পের পরিচালক ও তিনজন শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে এই জরিমানা ধার্য করা হয়।
১৬ আগস্টের মধ্যে জরিমানার ৫০ লাখ টাকা সরকারি চালানের মাধ্যমে পরিশোধ করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে বলে অধিদপ্তর সূত্র বলেছে।
অধিদপ্তর সূত্র বলেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী কোনো এলাকার ভূমির ধরন পরিবর্তন করতে হলে অর্থাৎ জলাভূমি ভরাট, কৃষিজমিকে আবাসন প্লটসহ অন্যান্য খাতে পরিবর্তনের আগে পরিবেশ ছাড়পত্র নিতে হয়। কিন্তু জলসিঁড়ি আবাসন প্রকল্পটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রকল্প এলাকার ভূমি উন্নয়ন করে তা প্লট আকারে হস্তান্তর করেছে। প্রকল্পটি আর্মি হাউজিং স্কিমের আওতায় দুই হাজার একর জমি নিয়ে স্থাপন করা হয়েছে। সাড়ে ছয় হাজার প্লট রয়েছে সেখানে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সরকারি-বেসরকারি সব ধরনের প্রকল্পের পরিবেশ ছাড়পত্র নেওয়ার নিয়ম রয়েছে। ওই নিয়ম অনুযায়ী আমরা জলসিঁড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
যোগাযোগ করা হলে জলসিঁড়ি প্রকল্প থেকে বলা হয়েছে, তারা প্রকল্পে ৩৫ শতাংশ এলাকায় বাড়িঘর করার অনুমতি দিয়েছে। বাকি এলাকায় জলাশয়, মাঠ ও গাছপালা রাখা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই প্রকল্পের পরিবেশ ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদনও করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী আবাসন প্রকল্প একটি লাল ক্যাটাগরির অর্থাৎ মারাত্মক ধরনের পরিবেশ দূষণকারী প্রকল্প। এ ধরনের প্রকল্পে পরিবেশ সংরক্ষণের জন্য নির্দিষ্ট পরিমাণে ব্যবস্থা রাখতে হয়। অর্থাৎ প্রকল্পের কিছু নির্দিষ্ট এলাকায় জলাভূমি, বৃক্ষ আচ্ছাদিত এলাকা রাখার নিয়ম রয়েছে। পরিবেশ অধিদপ্তরের সূত্র বলেছে, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী জলসিঁড়ি প্রকল্পে ওই নিয়ম মানা হয়নি।
গত বছরের ৪ জুন রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) পর্যালোচনা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে জলসিঁড়ি আবাসন প্রকল্পটিকে অনুমোদন দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর বলেছে, জলসিঁড়ি প্রকল্প থেকে পরিবেশ ছাড়পত্রের আবেদন পাওয়ার পর সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে ওই প্রকল্প এলাকা পরিদর্শন এবং প্রকল্পের নথি পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, সেখানে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা ভঙ্গ হয়েছে বলে তারা মনে করছে। এর পরিপ্রেক্ষিতেই জরিমানা করা হয়।