আলফাডাঙ্গায় ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে বারাসিয়া নদীর পাড়ে একটি বাড়ির পাশে বরইগাছে ঝুলছিল লাশটি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বরইগাছে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে আলফাডাঙ্গার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম জানায়, নিহত ব্যক্তির গলা, পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে এখানে ঝুলিয়ে গেছে।