আলফাডাঙ্গায় নববধূকে হত্যার অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেপুর গ্রাম থেকে গত মঙ্গলবার ইনসানা আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই সপ্তাহ আগে ওই গ্রামের জয়নুল খানের (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
নিহত ইনসানা আক্তারের বাবা ওয়াদুদ মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দু গ্রামে। এ ঘটনায় ইনসানার স্বামী, শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওয়াদুদ মোল্লা। তবে স্বামীর পরিবারের দাবি, ইনসানা আত্মহত্যা করেছেন। শ্বশুর মো. দাউদ খান একটি অপমৃত্যুর মামলা করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি জয়নুল ও ইনসানার বিয়ে হয়। ইনসানা গত বছর বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। মঙ্গলবার বেলা দুইটার দিকে জয়নুলের বাড়ির লোকজন মুঠোফোনে ইনসানার বাবার বাড়িতে জানায় তিনি (ইনসানা) অসুস্থ। খবর পেয়ে দ্রুত তাঁরা জয়দেপুর গ্রামে যান এবং ইনসানাকে বাড়ির আঙিনায় মৃত দেখতে পান। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ইনসানার বাবা ওয়াদুদ মোল্লা বলেন, ‘আমার মেয়েকে হত্যা করে ঘরের বারান্দায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।’ রাতে তিনি ইনসানার শ্বশুর দাউদ খান, শাশুড়ি পারভিন বেগম, স্বামী জয়নুল খানসহ পাঁচ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় হত্যার লিখিত অভিযোগ জমা দেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম বলেন, লাশের গলায় রশির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।