ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মতিয়ার রহমানের বাড়িতে গত বুধবার তল্লাশি চালায় প্রশাসন। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি কবীর হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
মতিয়ার রহমানের বাড়ি উপজেলা সদর ইউনিয়নের বারোইপাড়া গ্রামে। কবীর হোসেনের বাড়ি সদরের মুসলিমপাড়া মহল্লায়। তল্লাশি চালিয়ে মতিয়ারের বাড়িতে মাদক পাওয়া যায়নি।
সাংবাদিক কবীর হোসেন প্রথম আলোকে বলেন, মতিয়ার মাদক ব্যবসা করেন—এ রকম তথ্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামকে দিয়েছেন বলে সন্দেহ করেন মতিয়ার। এ কারণে মতিয়ারের নেতৃত্বে দুই শতাধিক ব্যক্তি তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা তাঁর স্ত্রী ও ছেলেসহ বাড়ির সবাইকে গালাগাল করে।
এ বিষয়ে আজাহারুল ইসলাম বলেন, মতিয়ার মাদক ব্যবসা করেন—এ জাতীয় তথ্য সাংবাদিক কবীর হোসেন তাঁকে দেননি। গোপন তথ্যের ভিত্তিতে তিনি মতিয়ারের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল একাধিকবার চেষ্টা করে আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানের দুটি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন বলেন, মতিয়ার রহমান উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। তাঁর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। এলাকায় পরিবারটির বেশ প্রভাব রয়েছে। এমন একটি বাড়িতে মাদকের সন্ধানে ইউএনওর অভিযান এলাকাবাসী সুনজরে দেখেনি। এর আগে বুধবার দুপুরে টাকা চাওয়া-সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে মতিয়ারকে দেখে নেওয়ার হুমকি দেন সাংবাদিক কবীর। ওই দিন বিকেলেই মতিয়ারের বাড়িতে ইউএনও অভিযান চালান। এ কারণে কবীরের বাড়িতে এলাকাবাসী হামলা চালিয়ে থাকতে পারেন।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করীম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কবীর হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।