আলফাডাঙ্গায় ১০৫০ কেজি ভিজিএফের চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক হাজার পঞ্চাশ কেজি ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল জব্দ করা হয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ১ নম্বর বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মুদি ব্যবসায়ী জাফর মোল্লার বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে অফিস সহকারী মো. জামাল উদ্দীন এ চাল জব্দ করেন। খাদ্যগুদামের সিলমোহর দেওয়া ২১টি বস্তায় (প্রতি বস্তায় ৫০ কেজি করে) মোট এক হাজার পঞ্চাশ কেজি চাল রয়েছে। আটক চাল ওই গ্রামের হোসেন আলী চৌকিদার ও বাড়ির মালিকের স্ত্রী রেখা বেগমের জিম্মায় রাখা হয়েছে।

রেখা বেগম বলেন, গত মঙ্গলবার (৫ জুলাই) ভোরে সড়ারকান্দী গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. হুমায়ূন কবির, হেলেঞ্চা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. আবুল বাশার ও ইউপি চেয়ারম্যানের নিরাপত্তারক্ষী হিসেবে পরিচিত শেলমারি গ্রামের স্বাধীন শেখ ওই চাল তাঁদের বাড়িতে রেখে যান।

ইউপি সদস্য আবুল বাশার বলেন, ‘ভিজিএফের চাল জব্দ করার কোনো কথা আমার জানা নেই। আমার ওয়ার্ডের পক্ষে যে কয়টা কার্ড পেয়েছি তা বিতরণ করে দায়িত্ব শেষ করেছি। এর বেশি কিছু আমার জানা নেই।’

বুড়াইচ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহাব পান্নু মিয়া বলেন, ইউনিয়নের ১ হাজার ২৮০ জন দরিদ্র ব্যক্তির নামে এ চালের বরাদ্দ পাওয়া যায়। ১ জুলাই সে চাল বিতরণ করে দেওয়া হয়। ‘চাল বিতরণ নিয়ে কোনো দুর্নীতি হয়নি’—দাবি করে তিনি বলেন, তবে অনেক ব্যক্তি চাল পাওয়ার পর তা বিক্রি করে দেন। জব্দ করা চাল সেই চাল হয়ে থাকতে পারে।