আলমগীর কবিরকে দুদকে তলব
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য আজ রোববার বিকেলে তাঁর কাছে নোটিশ পাঠিয়েছেন সংস্থাটির উপপরিচালক যতন কুমার রায়।
যতন কুমার প্রথম আলোকে বলেন, ২১ সেপ্টেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। এ বছরের ৩ মার্চ শাহবাগ থানায় দুদকের দায়ের করা মামলার আসামি তিনি।
একই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই সময়ের গৃহায়ণ ও গণপূর্ত সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিনজন সাবেক চেয়ারম্যান গোলাম নবী, আবদুল বারী খান, এ টি এম আতাউর রহমানসহ আরও ১৯ জনকে আগামী মঙ্গলবার চিঠি পাঠানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
২১ সেপ্টেম্বর আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের পর ২২ ও ২৩ সেপ্টেম্বর অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা যতন কুমার রায়। এর আগে ১১ সেপ্টেম্বর একই মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।
শাহবাগ থানায় দায়ের করা মামলায় আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।