আলমডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে বটিয়াপাড়ায় গতকাল শনিবার এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বটিয়াপাড়া গ্রামবাসীর দাবি, পান চুরি করতে গিয়ে মারা গেছে হান্নান। আর নিহত ব্যক্তির পরিবারের দাবি, বাড়ি থেকে তুলে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবদুল হান্নান (৪৫)। তিনি পার্শ্ববর্তী শিয়ালমারী গ্রামের বাসিন্দা। আলমডাঙ্গা থানা-পুলিশ সকালে ঘটনাস্থল থেকে হান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পানের বরজ মালিকেরা দাবি করেন, বেশ কয়েক মাস ধরে পানের বরজ থেকে পান চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মালিকেরা সংগঠিত হয়ে সম্প্রতি পাহারা দেওয়া শুরু করেন। শনিবার ভোররাতে বটিয়াপাড়ার রিন্টু মালিতার বরজে পান চুরির সময় তাঁরা হান্নানকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাঁকে গণপিটুনি ও এলোপাতাড়ি কোপ মারা হলে ঘটনাস্থলেই হান্নান মারা যান।
অন্যদিকে নিহতের চাচাতো ভাই আতিয়ার রহমানের দাবি, শনিবার ভোররাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর ভাইকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। এরপর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তবে খুনের কারণ সম্বন্ধে তিনি কিছু জানাতে পারেননি।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত হান্নানের স্ত্রী বেদানা খাতুন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।