আলমডাঙ্গায় কিশোরকে অপহরণ, মুক্তিপণ দাবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর থেকে গত শনিবার রাতে সলোক হোসেন (১৭) নামের এক কিশোরকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
সরেজমিন জানা গেছে, কাবিলনগর গজাইড়ে পাড়ার বাসিন্দা দিনমজুর সামসুল হকের একমাত্র ছেলে সলোক হোসেন শনিবার রাতে পাশের গ্রাম তিওরবিলা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।
সলোকের মা নিগারণ খাতুন জানান, সলোক সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ভিটে ছাড়া তাঁদের কোনো জমি নেই। স্বামী সামসুল হক দিনমজুর। তিনি বলেন, সন্ত্রাসীরা ১০ লাখ টাকা দাবি করেছে। তাঁদের যেখানে তিন বেলা ভাতই জোটে না, সেখানে এত টাকা পাবেন কোথায়। তাঁর বাবা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে ওকে খুঁজে বেড়াচ্ছেন।
সলোকের মামা তিওরবিলা গ্রামের জহুরুল ইসলাম জানান, সোমবার সকালে বাড়ির সামনে সলোকের মুঠোফোন সেটটি সিমসহ পাওয়া যায়। সকাল নয়টার দিকে দুর্বৃত্তরা সলোকের মুঠোফোনে কল করে সন্ধ্যার মধ্যেই ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে জীবিত পাওয়া যাবে না বলে হুমকি দেওয়া হয়। অন্য একটি নম্বর থেকে সন্ধ্যায় মুক্তিপণ চেয়ে আবারও ফোন করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, সলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে বিষয়টি অপহরণ কিনা তা তদন্তে একজন উপপরিদর্শককে সরেজমিন পাঠানো হয়েছে।