আলমডাঙ্গায় তিন বাড়িতে ডাকাতি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের থানা পাড়ায় গত বৃহস্পতিবার রাতে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। এ তিন বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটপাট করা হয়।
হারদী গ্রামের গোলাম মণ্ডলের চার ছেলে মোশারফ হোসেন মণ্ডল, ইছাহক আলী মণ্ডল, ইউসুফ আলী মণ্ডল ও ইউনুস আলী মণ্ডলের বাড়ি পাশাপাশি অবস্থিত। মোশারফ ছাড়া অন্য তিন ভাইয়ের বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়।
ইছাহক আলী বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের লোক পরিচয় দিয়ে কয়েকজন বাড়ির দরজা খুলতে বাধ্য করে। এরপর হাফপ্যান্ট ও মুখোশ পরা সাত-আটজন বাড়ির ভেতরে ঢোকে। কিছু লোক বাইরে অবস্থান নেয়। তাদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। বাড়িতে ঢুকে ডাকাতেরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর এক লাখ টাকা, একটি মুঠোফোন সেট ও বেশ কিছু সোনার গয়না লুট করে নিয়ে যায়। ইছাহকের স্ত্রী শিউলী বেগম বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একমাত্র ছেলে শিলন হোসেনের মালয়েশিয়ায় যাওয়ার কথা। তাঁর বিদেশ যাওয়ার খরচ জোগাতে এক লাখ টাকা ধার করে আনা হয়েছিল।’ পরিবারটির ধারণা, বিদেশ যাওয়ার বিষয়টি জানতে পেরে ডাকাতেরা হানা দিয়েছে।
ইছাহকের পর ইউসুফ আলীর বাড়িতে ডাকাত দল হানা দেয়। সড়ক দুর্ঘটনায় আহত ইউসুফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ইউসুফের বড় ভাইয়ের মেয়ে মুসলিমা বলেন, ডাকাতেরা হাসপাতালের লোক পরিচয় দিয়ে চাচার চিকিৎসার বিষয়ে এসেছেন জানালে তিনি দরজা খুলে দেন। বাড়িতে ঢুকেই তারা শিশু ফরহাদসহ সবার গলায় ধারালো অস্ত্র ধরে। বলে, চিৎকার করলেই সবার গলা কেটে ফেলবে। এরপর ঘরের শোকেস ভেঙে ড্রয়ারে থাকা সাত হাজার টাকা, শাড়ি কাপড় এবং তাঁর হাতে ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর ইউনুসের বাড়িতে যায় ডাকাত দল।
ইউনুসের স্ত্রী রবিছন খাতুন বলেন, পানি খাওয়ার কথা বলে ডাকাত দল বাড়িতে ঢোকে। এরপর ইউনুসের মাথায় পিস্তল এবং রবিছন ও তাঁর মেয়ের গলায় দা ধরে ডাকাতি শুরু করে। এ সময় ৫০ হাজার টাকা, মা ও মেয়ের ব্যবহৃত সোনা ও রুপার গয়না লুটে নেয় ডাকাতেরা।