আলমডাঙ্গায় সংঘর্ষে ১২ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে মসজিদের তিন শতক জমির মালিকানা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আবুল কালাম (৩৫) ও হাসেম আলী (৪০) নামে দুজনকে আটক করেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বাঁশবাড়িয়া গ্রামের হাতেম আলী, তাঁর দুই ছেলে উজ্জ্বল হোসেন ও রাজীব হোসেন এবং তাঁদের পক্ষের রবজেল হোসেন, ছমির উদ্দিন, মিলন হোসেন, আমির হোসেন, ডালিমন নেছা ও রাবেয়া খাতুন এবং প্রতিপক্ষের ইসাহক আলী, আবুল কালাম, মাহাবুল হক, আলম হোসেন ও চাঁদ আলী।
আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে হাতেম, উজ্জ্বল ও রাজীবকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাজারপাড়ায় অবস্থিত মসজিদের তিন শতক জমির মালিকানা নিয়ে সম্প্রতি হাতেম আলী ও ইসাহক আলীর সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গতকাল বুধবার বেলা তিনটার দিকে উভয় পক্ষের লোকদের মধ্যে তর্ক হয়।
এরই একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।