আলমডাঙ্গায় ক্লিনিকে ভুল চিকিৎসায় মৃত্যু?
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনাইটেড মেডিকেল সেন্টার (প্রা.) নামের একটি ক্লিনিকে গতকাল শনিবার বুদো জোয়ার্দ্দার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ক্লিনিকের ব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী চিকিৎসক না হয়েও রোগীর শরীরে ইনজেকশন দেওয়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুল চিকিৎসায় বুদো জোয়ার্দ্দারের মৃত্যু হয়েছে—এ খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও বিক্ষুব্ধ লোকেরা ওই ক্লিনিকে ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্লিনিকের ব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী এবং ক্লিনিকের অংশীদার সাব্বির রহমানের বাবা সাইদুর রহমানকে (৫০) আটক করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বুদো জোয়ার্দ্দারের স্ত্রী আনোয়ার বেগম জানান, তাঁর স্বামী গতকাল সকালে পাট ধোয়ার জন্য বাড়ি থেকে বের হন। বেলা নয়টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠলে তিনি বাড়িতে আসেন। ব্যথা বাড়তে থাকলে তাঁকে ইউনাইটেড মেডিকেল সেন্টার (প্রা.) ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের ব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দেন। প্রথমে একটি ইনজেকশন দেওয়ার পর তাঁর স্বামী কিছুটা স্বস্তিবোধ করেন। এরপর আরও একটি ইনজেকশন দিলে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং অল্পক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমিনুর রহমান চৌধুরী জানান, ওই ক্লিনিকের তিনজন মালিকের একজন তাঁর স্ত্রী নূর-এ-জান্নাত। অন্য দুজন হলেন সাব্বির রহমান ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) নাজমুল হকের বাবা কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের বানাত আলী।
আমিনুর প্রথম আলোকে জানান, ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আবদুস সালামের সঙ্গে আলাপ করে রোগীর শরীরে ‘সার্জেল’ নামের ইনজেকশন দেওয়া হয়েছে। অতীতেও তিনি এভাবে রোগীর শরীরে ইনজেকশন দিয়েছেন বলে জানান। চিকিৎসক না হয়েও রোগীর শরীরে ইনজেকশন দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরামর্শে ওয়ার্ডবয় এনামুল পর পর দুটি ইনজেকশন পুশ করেছে।’ আমিনুর আরও বলেন, জরুরি অবস্থা মোকাবিলা করতে বেশির ভাগ সময় মুঠোফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিজেরাই এভাবে চিকিৎসা দিয়ে থাকেন। তবে গত তিন বছরে এভাবে কোনো রোগী মারা যায়নি। ওয়ার্ডবয় এনামুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ জহুরুল হক জানান, ওই ক্লিনিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না করায় এত দিন ব্যবস্থা নেওয়া যায়নি। এবার ব্যবস্থা নেওয়া হবে।