আলমডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুর্বৃত্তরা শওকত ফরায়েজী (৬৫) নামের বিএনপির এক নেতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুরে ওই খুনের ঘটনা ঘটে।

নিহত শওকত ফরায়েজী রেল জগন্নাথপুর গ্রামের নেওয়াজ ফরায়েজীর ছেলে ও কালিদাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির কাছাকাছি একটি ভুট্টাখেত দেখতে যান। ভুট্টাখেতে অবস্থানকালে দুর্বৃত্তরা কোদাল দিয়ে শওকত ফরায়েজীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ফরায়েজীর লাশ উদ্ধার করে দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএনপি নেতাকে খুনের ঘটনায় ব্যবহৃত কোদালটি পুলিশ উদ্ধার করেছে।
নিহত ফরায়েজীর সহোদর ছোট ভাই লাল মোহাম্মদ (৪৬) বলেন, গ্রাম্য দলাদলির কারণে প্রতিপক্ষের লোকজন তাঁর ভাইকে খুন করেছে। তবে কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসানুজ্জামান হাসান অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত ফরায়েজীকে রাজনৈতিক প্রতিপক্ষরা খুন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন খুনিকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।