আলমডাঙ্গায় বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুর্বৃত্তরা ওই হামলা চালায়।
আজিজুর অভিযোগ করেন, হামলাকারীরা যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে উপজেলা যুবলীগ বিষয়টি অস্বীকার করেছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গোবিন্দপুরের চিহ্নিত মাস্তান মো. বাপ্পী ও তাঁর সহযোগী ইমরানের নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে হামলা চালানো হয়। হামলার আগে ও পরে হামলাকারীরা শহরেদেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়।
স্ত্রী জিনিয়া পারভীনের বরাত দিয়ে আজিজুর বলেন, দুপুরে রামদা, চাপাতি ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে এবং ছেলেকে খুঁজতে থাকে। তাঁদের দুজনের কাউকে না পেয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। স্ত্রী ও দুই মেয়ের সামনে আধা ঘণ্টা ধরে এ ঘটনা চলে। এর মধ্যে তাঁর স্ত্রীর শরীর থেকে গয়না ছিনিয়ে নেওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে মারধরও করে। সব মিলিয়ে তাঁর ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আহসানউল্লাহ জানান, তিনি আলমডাঙ্গার বাইরে অবস্থান করছেন। কারা কী কারণে হামলা করেছে, তা তাঁর জানা নেই।
জেলার পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, হামলার খবর পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণসহ দোষীদের ধরতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।